নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলগাছিয়া ব্রিজে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল চালকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কিশোর সাউ (৬০)। উল্টোডাঙা থানা এলাকার বেলগাছিয়া রোডের বাসিন্দা তিনি। লক্ষ্মীপুজোর দুপুরে ব্রিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালককে ধাক্কা মারে গাড়িটি। রাস্তার উপরেই ছিটকে পড়েন বৃদ্ধ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার গভীর রাতে বৃদ্ধের মৃত্যু হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে উল্টোডাঙা থানার পুলিশ। গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
অন্যদিকে, দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজের উপরে গাড়ির ধাক্কায় এক বাইক চালক জখম হয়েছেন। সোমবার সকাল পৌনে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, আহতের নাম প্রভাকর মণ্ডল (২০)। তাঁর মাথায় হেলমেট ছিল। তাঁর শরীরের একাধিক জায়গায় চোট লাগে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে যুবককে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায় লেক থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর আহতকে ছেড়ে দেওয়া হয়।



