


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ায় দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। রবিবার সকালে প্রথম ঘটনাটি ঘটে লিলুয়ার জি টি রোডে। সেখানে একটি বাস এক সাইকেল আরোহীকে ধাক্কা মারলে তিনি পড়ে যান। ওই অবস্থায় বাসের চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে, জগৎবল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে গাছে ধাক্কা মারলে চালকের মৃত্যু হয়, তাঁর পিছনে থাকা আরোহী গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এদিন সকালে লিলুয়ার জি টি রোডে মর্মান্তিক বাসের চাকায় পিষে গিয়ে মৃত্যু হয়েছে সাইকেল আরোহী পরশুরাম যাদবের (৫২)। তিনি সাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, জি টি রোডে ডনবস্কো মোড়ের কাছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে হাওড়া থেকে বালিগামী একটি বেসরকারি বাস পিছন দিক থেকে ওই সাইকেলকে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়েন পরশুরামবাবু। এরপর বাসটি তাঁর শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে বেলুড় থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরশুরাম যাদব উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। কর্মসূত্রে তিনি বেলুড়ের অগ্রসেন স্ট্রিটে থাকতেন। গোটা ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
এদিকে, হাওড়ার জগৎবল্লভপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক সৌরভ আদক (২১)। এদিন সকালে ফটিকগাছি-পাতিহাল সড়ক ধরে বাইকে করে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরভের। গুরুতর জখম অবস্থায় অপর আরোহীকে ভরতি করা হয়েছে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ফটিকগাছির দিক থেকে পাতিহালের দিকে যাচ্ছিলেন দুই যুবক। প্রতাপপুর এলাকায় দ্রুতগতির বাইকটি আচমকা নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার ধারে একটি গাছে ধাক্কা লেগে দু’জনেই ছিটকে পড়েন। দু’জনের মাথায় হেলমেট থাকলেও আঘাত ছিল মারাত্মক। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সৌরভকে মৃত বলে ঘোষণা করেন। জগৎবল্লভপুরে বেপরোয়া গতিতে বাইক চালানোর জেরে দুর্ঘটনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। গত ১৫ ফেব্রুয়ারি হাওড়া-আমতা রোডের সন্তোষপুরে এক কিশোরের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। তারও আগে ৬ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে পাতিহাল মনসাতলা এলাকায় ছ’জন পরীক্ষার্থী দুর্ঘটনায় জখম হয়, তাদের মধ্যে একজনের মৃত্যু হয় পরের দিন। লাগাতার দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। নিজস্ব চিত্র