সংবাদদাতা, বাগডোগরা: সাইবার প্রতারণা চক্রের ঘাঁটি হয়ে উঠছে শিলিগুড়ি। জামতারা, রাজস্থানের গ্যাংয়ের আদলে এখান থেকে চলছে অনলাইন প্রতারণা। অভিযোগ, ফোনে দেশের বিভিন্ন প্রান্তের এবং বিদেশের নাগরিকদের বিভিন্ন ধরনের টোপ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সাফ করছে। বৃহস্পতিবার মাঝরাতে মাটিগাড়ায় দু’টি কলসেন্টারে হানা দিয়ে এমন তথ্য পেয়েছে পুলিশ। তারা ঘটনাস্থল থেকে ন’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা আলিপুরদুয়ার, কার্শিয়াং, কালিম্পং, বাগডোগরার বাসিন্দা। এরা সংশ্লিষ্ট কলসেন্টারগুলিতে কর্মী হিসাবে কাজ করতেন। পুলিশ ও গোয়েন্দাদের সন্দেহ, এর নেপথ্যে আন্তর্জাতিক সাইবার প্রতারণা সিন্ডিকেট জড়িত। যারা সরকারি আইটি পার্কে অবৈধ কলসেন্টার খুলেছিল।
ওই রাতে আড়াইশোর বেশি পুলিশ কর্মী নিয়ে আইটি পার্কে হানা দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। রাতভর চলে তল্লাশি। স্থানীয় থানার পুলিশের সঙ্গে ছিল স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া পরিবহণনগর ও লিচুবাগান আইটি পার্কের মোট তিনটি বিল্ডিংয়ে তল্লাশি চালানো হয়। দীর্ঘক্ষণ ধরে চলে প্রতিটি বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি। অভিযানের সময় ২ ও ৩ নম্বর বিল্ডিং থেকে কলসেন্টারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ন’জনকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের মধ্যে চারজন মহিলা ও পাঁচজন যুবক। অভিযানে কলসেন্টার থেকে একাধিক কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মাটিগাড়া থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন, ন’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।