Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোগান্তির শিকার গ্রাহকরা, কলকাতা থেকে শহরতলিতে দিনভর জারি তল্লাশি

মঙ্গল ও বুধবার রাজ্যজুড়ে বিভিন্ন আদালতে বোমা বিস্ফোরণের হুমকি মেল এসেছিল। বৃহস্পতিবার সেই ট্রেন্ড বদল

ভোগান্তির শিকার গ্রাহকরা, কলকাতা থেকে শহরতলিতে দিনভর জারি তল্লাশি
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মঙ্গল ও বুধবার রাজ্যজুড়ে বিভিন্ন আদালতে বোমা বিস্ফোরণের হুমকি মেল এসেছিল। বৃহস্পতিবার সেই ট্রেন্ড বদল। এবার টার্গেট কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলার পাসপোর্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র ও ডাকঘর। আতঙ্ক ও পুলিশি তল্লাশি অভিযানের জেরে পণ্ড হয় দিনের কাজকর্ম। তার জেরে দিনভর ভোগান্তির শিকার হলেন গ্রাহকরা। 

Advertisement

কলকাতার রুবি মোড়ের পাসপোর্ট অফিসে এদিন সকালে বোমা বিস্ফোরণের মেল আসে। সেই খবর চাউর হতেই আতঙ্ক ছড়ায়। খবর যায় আনন্দপুর থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় বম্ব স্কোয়াডের আধিকারিকরা। খালি করে দেওয়া হয় গোটা পাসপোর্ট অফিস। কর্মচারীরা নিচে নেমে আসেন। অফিস চত্বরের বাইরে বের করে দেওয়া হয় গ্রাহকদেরও। তল্লাশি চালানো হয় গোটা বিল্ডিংয়ে। কিন্তু, আদালত চত্বরের মতো পাসপোর্ট অফিস থেকেও কিছুই মেলেনি। একইসঙ্গে রিজেন্ট পার্কের একটি ডাকঘরেও আসে হুমকি মেইল। সেখানেও তখন অনেক গ্রাহকের ভিড়। ডাকঘর খালি করিয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ ও বম্ব স্কোয়াড। এখানেও নিট ফল শূন্য। 
কলকাতার মতো ছবিটা একই উত্তর ২৪ পরগনার বারাকপুর, বারাসত, বনগাঁ, বসিরহাটে। বারাকপুর সেন্ট্রাল পোস্ট অফিসের পাশেই রয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্র। বৃহস্পতিবার মেল আসে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারাকপুর থানায়। সেখান থেকে পুলিশের কর্তার আসেন, আসে বম্ব স্কোয়াড। পোস্ট অফিসের সমস্ত কর্মীকে বের করে তল্লাশি চলে। বারাকপুরের ডিসি সেন্ট্রাল ইন্দ্র বদন ঝা বলেন, ওই মেল আসার পর সঙ্গে সঙ্গে পোস্ট অফিস এবং পাসপোর্ট সেবা কেন্দ্রে তল্লাশি চালানো হয়েছে। অপরদিকে বসিরহাট প্রধান ডাকঘরে বোমা রাখার হুমকি মেলকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ও ডাকঘরের কর্মীরা। ইমেলটি পাওয়ার পরপরই ডাকঘর কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার স্বার্থে তৎক্ষণাৎ ডাকঘর থেকে সমস্ত গ্রাহক এবং কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়। একইসঙ্গে বনগাঁ পাসপোর্ট অফিসে হুমকি মেল ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুরে ১২ টা নাগাদ বনগাঁ মুখ্য ডাকঘরে হুমকি মেল আসে। 
হুমকি মেলের জেরে দক্ষিণ ২৪ পরগনার  কাকদ্বীপ, ক্যানিং ও ডায়মন্ডহারবার পোস্ট অফিস খালি করে তল্লাশি চলে। হাওড়া ও হুগলিতেও ছিল একই অবস্থা। শহরতলির বিভিন্ন প্রান্তের পাশাপাশি বোমাতঙ্ক ছড়ায় আমতা পোষ্ট অফিসের পাসপোর্ট সেবা কেন্দ্রেও। উড়ো মেলের বোমা হুমকিতে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার রিজিওনাল পোস্ট অফিসেও। এদিন দুপুর আড়াইটের মধ্যে পাসপোর্ট সেবা কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। খবর ছড়াতেই আতঙ্কে কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। তল্লাশির জেরে প্রায় আড়াইশো কর্মী ও গ্রাহক ভোগান্তিতে পড়েন। বেলা তিনটে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। পাশের জেলা হুগলির চুঁচুড়া, শ্রীরামপুর ডাকঘরে এদিন বোমাতঙ্ক ছড়ায়‌। ভরদুপুরে দু’টি জায়গাতেই ভিড় ছিল। বোমা রাখার খবর ছড়াতেই হুড়োহুড়ি পড়ে যায়। শ্রীরামপুরের ডাকঘরের পাশেই একটি স্কুল আছে। বোমাতঙ্কের জেরে এদিন স্কুলেও আতঙ্ক ছড়ায়। অভিভাবকরা সন্তানদের ফিরিয়ে নিয়ে যেতে ভিড় জমান। সেখানেও হুড়োহুড়ি শুরু হয়েছিল। ইংল্যান্ডে মেয়ের কাছে যাওয়ার কথা বরানগরের গুহ দম্পতির। রুবির মোড়ে পাসপোর্ট সেবাকেন্দ্রে লাইন দিয়েছিলেন সকাল ন’টা থেকে। বোমাতঙ্কের জেরে কাজকর্ম পণ্ড সেবাকেন্দ্রের। দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষা করার পরে ফিরে যেতে হয়েছে তাঁদের। 

সম্পর্কিত সংবাদ