কটক: অপহরণ মামলার তদন্তে নেমে ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির বড়সড় চক্রের হদিশ। ওড়িশার কটকের এক হোটেল থেকে গ্রেফতার ৩২ জন প্রতারক। বেশিরভাগ অভিযুক্তের বাড়িই পশ্চিমবঙ্গে। পুলিশ জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্রে তাদের কাছে খবর আসে, শিখরপুরের একটি হোটেলে বেশ কয়েকজনকে অপহরণ করে রাখা হয়েছে। সেইমতো হানা দিয়ে ৩২ জনের নাগাল পায় পুলিশ। যদিও পরে জানা যায়, অপহৃতরা প্রত্যেকেই জালিয়াত চক্রের সঙ্গে যুক্ত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভুবনেশ্বরের এক বাসিন্দা সহ চারজন ব্যবসায়ীকে বাড়তি আয়ের টোপ দিয়ে ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করানো হয়। জালিয়াতির পর প্রথমে প্রতারকরা পুরীর কাছে লুকিয়ে ছিল। তবে প্রতারিত হওয়ার কথা বুঝতে পেরে লগ্নিকারীরা ৩২ জনকে অপহরণ করে কটকের হোটেলে লুকিয়ে রাখেন। সেখান থেকেই পুলিস ৩২ জনকে উদ্ধার ও গ্রেফতার করে।



