নয়াদিল্লি, ২৬ মে: চরবৃত্তির অভিযোগে এবার এনআইএ-র জালে এক সিআরপিএফ জওয়ান। দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি পাকিস্তানের গোয়েন্দা অফিসারের কাছে জাতীয় নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল নানা তথ্য পাচার করেছেন বলে তদন্তকারীদের দাবি। সোমবার এমনই জানানো হয়েছে এনআইএ-র তরফে।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃত জওয়ানের নাম মোতি রাম জাট। ২০২৩ সাল থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছিলেন তিনি। শত্রু দেশের এজেন্টের কাছে তুলে দিয়েছে নানা সংবেদনশীল তথ্য। তদন্তে উঠে এসেছে, তথ্যের বিনিময়ে পাক আধিকারিকদের থেকে মোটা টাকা নিয়েছেন ওই সিআরপিএফ জওয়ান। বিভিন্ন মাধ্যমে এই অর্থ তাঁর কাছে এসেছিল। মোতি রামকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। আজ, সোমবার তাঁকে দিল্লির একটি বিশেষ আদালতে তোলা হলে ১৫ দিনের জন্য এনআইএ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
গত ২২ এপ্রিল পহেগাঁওয়ে জঙ্গি হামলার পরে এনআইএ-র তৎপরতা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের চরদের পাকড়াও করতে দেশের বিভিন্ন স্থানে লাগাতার অভিযান চালাচ্ছে। তাতে সাফল্যও মিলেছে। গত দু’সপ্তাহে চরবৃত্তির অভিযোগে হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশ থেকে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি। গোটা উত্তর ভারতে পাক গুপ্তচরদের জাল যথেষ্ট ছড়িয়ে পড়েছে বলে অনুমান তদন্তকারীদের।