


সংবাদদাতা, রামপুরহাট: টানা তিনদিনের ছুটিতে শনিবার তারাপীঠে ভিড় উপচে পড়ল। সাধারণ পুণ্যার্থীদের পাশাপাশি পুজো দিলেন রাজনৈতিক দলের প্রার্থী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমলা ও বিচারকরা।
রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বামাখ্যাপার সাধনাস্থল তীর্থভূমি তারাপীঠ। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় থাকে। কিন্তু, রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে ভিড় অনেকটাই কমে এসেছিল। শুক্রবার থেকে সেই ভিড় হঠাৎই বেড়ে গিয়েছে। ইদ উপলক্ষ্যে শুক্র ও শনিবার ছুটি। পরেরদিন রবিবার। সপ্তাহের শেষে টানা তিনদিনের ছুটিতে ভ্রমণপিপাসুদের ঠিকানা হয়ে উঠেছে তারাপীঠ। তারাপীঠ চেনা ছন্দ ফিরতেই খুশি ব্যবসায়ীরা।
এমনিতেই শনিবার ভক্তদের ভিড় থাকে। টানা ছুটিতে সেই ভিড় এক লাফে অনেকটাই বেড়েছে। এদিন ভোর থেকেই মন্দিরে পুণ্যার্থীদের লম্বা লাইন পড়ে যায়। সকালে দেবী তারার কাছে পুজো দিতে আসেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। মন্দির কমিটির তরফে তাঁর হাতে দেবী তারার প্রতিকৃতি তুলে দিয়ে অভ্যর্থনা জানানো হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ঝাড়খণ্ড, বাংলা তথা দেশের মানুষের মঙ্গল ও কল্যাণ কামনায় দেবীর কাছে পুজো দিলাম। বাংলায় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল সরকারের অপশাসন, গুন্ডাগিরির ফলে মানুষের জীবন বিপর্যস্ত। মহিলারা সুরক্ষিত নয়। রোজগার নেই। এই পরিস্থিতিতে এবার বাংলায় পদ্মফুল ফুটবে। বিজেপি সরকার গড়বে। যদিও পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল। দলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, রঘুবরবাবু যে ক’দিন মুখ্যমন্ত্রী ছিলেন সেইসময় ঝাড়খণ্ডের কী হাল করেছিলেন, তা সবাই জানে। কোনোরকমে ঝাড়খণ্ডবাসী তাঁকে বিদায় দিয়ে মুক্তি পেয়েছে। তিনি নিজের রাজ্যে কিছু করতে না পেরে বাংলায় এসে দর বাড়ানোর জন্য এসব বলছেন। মানুষের কাছে তাঁর কথার কোনো মূল্য নেই।
ভোট ঘোষণা হতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দেবী তারার কাছে পুজো দিয়ে জয়ের প্রার্থনা করছেন। এদিন মন্দিরে পুজো দেন ময়ূরেশ্বরের তৃণমূল প্রার্থী অভিজিৎ রায়। এবার এই কেন্দ্রে তৃতীয়বারের জন্য লড়াই করছেন তিনি। অভিজিৎবাবু বলেন, প্রচারে নামার আগে প্রতিবারের মতো এবারও দেবীর কাছে পুজো দিলাম। পুনরায় মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মায়ের কাছে নিবেদন জানালাম।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার রাত থেকে পর্যটকদের ঢল নামতে শুরু করে। এদিন ভিড় আরও বাড়ে। সাধারণ ভক্তদের পাশাপাশি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজনৈতিক দলের প্রার্থী, আমলা ও বিচারকরা পুজো দিতে এসেছিলেন। এছাড়া ভক্তদের অনেকেই তাঁদের নিজ নিজ এলাকার প্রার্থীদের নাম-গোত্র ধরে জয়ের কামনায় পুজো দেন।
তারাপীঠে আসা অনেক পর্যটক লাগোয়া ময়ূরেশ্বর বিধানসভার নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুরের নিতাই বাড়িতে পুজো দিতে আসেন। পুজো দেন বিধানসভার বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। তিনি বলেন, এবার এই কেন্দ্রে পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা।