Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২০০২ সালের ভোটার তালিকায় নাম খুঁজতে ডোমকলে সাইবার কাফেতে ভিড়

ভোটমুখী বিহারে সদ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর প্রথম পর্যায় শেষ হয়েছে। বাংলাতেও এসআইআর হওয়ার জল্পনা রয়েছে।

২০০২ সালের ভোটার তালিকায় নাম খুঁজতে ডোমকলে সাইবার কাফেতে ভিড়
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: ভোটমুখী বিহারে সদ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর প্রথম পর্যায় শেষ হয়েছে। বাংলাতেও এসআইআর হওয়ার জল্পনা রয়েছে। এই আবহে ইতিমধ্যেই জন্ম শংসাপত্র নিতে নানা পুরসভা ও পঞ্চায়েতে অনেকেই ভিড় জমাচ্ছেন। সেইসঙ্গে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ২০০২সালের ভোটার তালিকা প্রকাশিত হতেই অনেকে কাজকর্ম ফেলে বিভিন্ন সাইবার ক্যাফেতে ভিড় জমাচ্ছেন। সেখানে নিজেদের ও পরিবারের অন্যদের নাম খুঁজে প্রিন্টআউট নিয়ে ফিরছেন। তালিকায় নাম খুঁজে পেয়ে তাঁরা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তেমনি কাজকর্ম ফেলে এসব করতে গিয়ে অনেকেই বিরক্ত হচ্ছেন।

Advertisement

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ২০০২সালে হয়েছিল। এরাজ্যে এসআইআর হলে ওই তালিকাকে ভিত্তি করেই তা হবে। এসআইআর নিয়ে আতঙ্কে ইতিমধ্যে নানা পঞ্চায়েত, পুর এলাকায় জন্মশংসাপত্র নিতে লাইন দেওয়ার হিড়িক পড়ে যায়। তার মধ্যেই বৃহস্পতিবার মুর্শিদাবাদের ২০০২সালের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তারপরই বিষয়টি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার চায়ের ঠেক-সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। অনেকে সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করে লিখেছেন, ‘২০০২ সালের তালিকা আপলোড হয়েছে। সবাই নিজের নিজের বুথ ধরে ডাউনলোড করে নিন।’ তালিকা প্রকাশের কথা শুনে বিশেষত গ্রামাঞ্চলে বহু মানুষ সাইবার ক্যাফেতে ভিড় করছেন। ক্যাফের মালিকই তাঁদের নাম খুঁজে বের করে প্রিন্টআউট ধরিয়ে দিচ্ছেন।
ডোমকলের একটি সাইবার ক্যাফের মালিক আমিরুল ইসলাম বলেন, তালিকা প্রকাশের খবর চাউর হতেই অনেকে দোকানে আসছেন। আমরা ওই লিস্ট দেখে নাম খুঁজে তাঁদের হাতে প্রিন্টআউট তুলে দিচ্ছি।
রানিনগরের চরের একটি সাইবার ক্যাফের মালিক মিলন মণ্ডল বলেন, প্রায় সকলেরই নাম তালিকায় রয়েছে। তালিকায় নাম খুঁজে পেয়ে তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ডোমকলের বাসিন্দা মেহবুব শাহ আলম বলেন, আধার সংশোধন, আধার-প্যান লিঙ্ক করার জন্য লাইন দেওয়া লেগেই ছিল। এখন আবার নতুন করে জন্ম শংসাপত্র নিতে পঞ্চায়েতে দৌড়ে বেড়াতে হচ্ছে। তার মধ্যেই আবার ২০০২সালের ভোটার তালিকা প্রকাশ হল। শুক্রবার কয়েকঘণ্টা সাইবার ক্যাফেতেই কেটে গেল। এসব করতে গিয়ে আজ কাজকর্ম শিকেয় উঠল।

Advertisement
সম্পর্কিত সংবাদ