Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেক থেকে বাঙ্গুর, সুজিতের মহামিছিলে জনজোয়ার, উন্মাদনা

কাতারে কাতারে মানুষ। মুখে মুখে স্লোগান। মুঠো হাত উঁচিয়ে সেই স্লোগানে গলা মেলাচ্ছেন কর্মীরা

সল্টলেক থেকে বাঙ্গুর, সুজিতের মহামিছিলে জনজোয়ার, উন্মাদনা
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কাতারে কাতারে মানুষ। মুখে মুখে স্লোগান। মুঠো হাত উঁচিয়ে সেই স্লোগানে গলা মেলাচ্ছেন কর্মীরা। কারো হাতে ঘাসফুলে পতাকা, কারো হাতে রঙিন বেলুন, কারো-বা হাতে রঙিন ছাতা। মাঝখানে ধীর গতিতে হুডখোলা জিপ। তার উপরে বিধাননগরের চারবারের তৃণমূল বিধায়ক তথা পঞ্চমবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু। কর্মী-সমর্থকদের ভিড়ে রাস্তাজুড়ে জনজোয়ার। সাধারণ মানুষ থেকে সমর্থকদের মধ্যে এক গভীর উন্মাদনা। কেউ ফুল ছুড়ছেন। কেউ করজোড়ে নমস্কার করছেন প্রার্থীকে। রবিবার সকালে সুজিত বসুর মহামিছিলে এমনই দৃশ্য দেখল সল্টলেক। সন্ধ্যায় এমনই জনস্রোত দেখা যায় বাঙ্গুরে তাঁর দ্বিতীয় মহামিছিলে। সেই একই উন্মাদনা।

Advertisement

প্রতিদিনই প্রচার চলছে। তবে, রবিবারের প্রচার বর্ণাঢ্য, রঙিন, জাঁকজমকপূর্ণ। এদিন সকালে সল্টলেক পিএনবি মোড় থেকে সুজিতের মহামিছিল শুরু হয়। শেষ হয় আইএ মার্কেটের কাছে। সেখানে প্রার্থী বক্তব্যও রাখেন। এ নিয়ে সল্টলেকে পরপর তিনটি রবিবার মহামিছিল করলেন তৃণমূল প্রার্থী সুজিত বসু। তিনটি মহামিছিলেই জনজোয়ার। সুজিত বসু বলেন, আমি তো শুধু ভোটের সময় বের হই না। সল্টলেকের মানুষের সঙ্গে সারাবছর রয়েছি। সল্টলেকের মানুষের পূর্ণ সমর্থন পাচ্ছি। পঞ্চমবারের জন্য তাঁরা আমাকেই আশির্বাদ করবেন। বিকেলের পর মহামিছিল শুরু হয় বাঙ্গুরে। সেখানেও কাতারে কাতারে মানুষ।
এদিন সকালে সল্টলেকের এইচবি, এইচসি, আইবি এবং আইসি ব্লকে মিছিল ও জনসংযোগ করেন বিধাননগরের বিজেপি ডাঃ প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। এদিন সকালে বাঙ্গুরে পদযাত্রা করেন বিধাননগরের সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা। মিছিল শুরু হয় বাঙ্গুরের সিপিএম পার্টি অফিস থেকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে যশোর রোড হয়ে শেষ হয় চীনা মন্দির চত্বরে। আদিবাসীদের ধামসা-মাদলের তালে বাড়তি মাত্রা জুগিয়েছিল। বিকেলে সল্টলেকে মিছিল করেন তিনি। 
এদিন সকালে বিধাননগর পুরসভার ৬, ৯, ১১ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি। বিকেলে লাহা কলোনি থেকে তেঘরিয়া লোকনাথ মন্দির পর্যন্ত মেলা র‌্যালি করেন। প্রার্থীর সমর্থনে সেই রোডশোয়ে অংশ নেন অসংখ্য কর্মী-সমর্থক। বর্ণাঢ্য মহামিছিলে উপচে পড়ে ভিড়। এদিন অটোয় করে প্রচার সারেন রাজারহাট-নিউটাউনের সিপিএম প্রার্থী সপ্তর্ষি দেব। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে তিনি এলাকায় জনসংযোগও করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ