মুক্তির অপেক্ষায় রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। দর্শকমহলে ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে ট্রেলার মুক্তির পর থেকেই ছবির ভিএফএক্স নিয়ে তুমুল সমালোচনা। এবার এই ইস্যুতে মুখ খুললেন রণবীর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘এখন দর্শকরা ভিএফএক্স সম্পর্কে আগের তুলনায় অনেক বেশি সচেতন। বিশেষ করে এআইয়ের ব্যবহার বাড়ার কারণে ট্রেলার দেখে অনেকেই ছবি নিয়ে মতামত দিয়ে ফেলছেন। ভিএফএক্স তৈরিতে যে বিপুল পরিশ্রম রয়েছে, তা অনেক সময় দর্শকদের চোখে পড়ে না।’ রণবীর জানান, এই ছবির ভিজ্যুয়াল তৈরি করতে অগণিত শিল্পী দীর্ঘদিন কাজ করছেন। তাই শুধু এআই ব্যবহার করে এমন একটি বড়ো মাপের ছবি তৈরি করা হয়েছে, এমন ধারণা মোটেই ঠিক নয়। আর ছবির বাজেট দেখলেই তা স্পষ্ট হবে। অভিনেতা আরও জানান, পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রাকে তিনি দীর্ঘদিন ধরে ভিএফএক্স নিয়ে কাজ করতে দেখেছেন। এমনকি ছোটোখাটো বিষয় নিয়েও তাঁরা ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছেন। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর সমালোচকদের মত বদলাবে বলে বিশ্বাসী রণবীর।



