Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কং সমর্থনে ফরিদপুরে ফের পঞ্চায়েত বোর্ড সিপিএমের

ফরিদপুর পঞ্চায়েতে সিপিএম ফের বোর্ড দখল করল কংগ্রেসের সমর্থনে। প্রধান নির্বাচিত হলেন সাদিয়া আফরিন। বিস্তারিত পড়ুন।

কং সমর্থনে ফরিদপুরে ফের পঞ্চায়েত বোর্ড সিপিএমের
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়েও বাঁচেনি প্রধানের চেয়ার। অনাস্থা ভোটে আগেই প্রধান পদ হারিয়েছিলেন সিপিএমের টিকিটে জয়ী শাকিলা বেগম। এবার জলঙ্গির সেই ফরিদপুর পঞ্চায়েতের বোর্ড ফের দখলে নিল সিপিএম। কংগ্রেসের সমর্থনে প্রধান নির্বাচিত হন সিপিএমের টিকিটে জয়ী সাদিয়া আফরিন। জলঙ্গির প্রাক্তন সিপিএম বিধায়ক ইয়ানুস আলি সরকার বলেন, জলঙ্গির মাটি বামেদের মাটি। ধীরে ধীরে এলাকায় সিপিএমের শক্তি আবারও বাড়ছে। এই ফল তারই প্রতিফলন। আগামীতে এই ধরণের ঘটনা আরও ঘটবে।

Advertisement

প্রসঙ্গত, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ফরিদপুর পঞ্চায়েতে এককভাবে বোর্ড গঠন করে সিপিএম। প্রধান হয়েছিলেন শাকিলা বেগম এবং উপপ্রধান হন সাদিয়া আফরিন। তবে গত বছর শাকিলা তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই পঞ্চায়েত সদস্যদের অন্দরে অসন্তোষ বাড়তে থাকে। সেই আবহেই মাসখানেক আগে সদস্যদের আবেদনের ভিত্তিতে অনাস্থা প্রস্তাব আনা হয় প্রধানের বিরুদ্ধে। সপ্তাহখানেক আগে অনুষ্ঠিত এই অনাস্থা বৈঠকে ২৩ জন সদস্যের মধ্যে ১৭ জন উপস্থিত ছিলেন। উপস্থিত সব সদস্যই প্রধানকে অপসারণের পক্ষে ভোট দেন। ফলে অনাস্থায় পরাজিত হয়ে প্রধানের পদ খোয়াতে হয় শাকিলা বেগমকে।
সোমবার ছিল নতুন প্রধান নির্বাচন। সেখানে উপপ্রধান সাদিয়া আফরিনের নাম প্রস্তাব করা হলে ১৭ জন সদস্য তাঁকে সমর্থন জানান। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সিপিএমের ১৪ জন সদস্যের পাশাপাশি কংগ্রেসের তিন জন সদস্যও তাঁর পক্ষে ভোট দিয়েছেন। কংগ্রেস নিঃশর্ত সমর্থন দিয়েছে বলেই দাবি সিপিএমের। এর ফলে ফের ফরিদপুর পঞ্চায়েতের বোর্ড দখলে নিল বামেরা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এক সময়ে বাম দুর্গ হিসেবে পরিচিত জলঙ্গিতে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এলাকায় সিপিএমের সাংগঠনিক শক্তি ফের বাড়ছে বলেও রাজনৈতিক মহলের একাংশের মত।
নবনির্বাচিত প্রধান সাদিয়া আফরিন বলেন, মানুষ আমাদের নির্বাচিত করেছিলেন। কিন্তু মানুষের রায়কে উপেক্ষা করে তৎকালীন প্রধান তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার ফের মানুষের আস্থা নিয়ে আমরা দায়িত্বে ফিরেছি। পঞ্চায়েতের সার্বিক উন্নয়ন এবং বাসিন্দাদের আরো ভাল পরিষেবা নিশ্চিত করাই  আমাদের লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ