নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: বাংলায় সিপিএমের সংগঠন বৃদ্ধি কোন পথে তা নিয়ে এখনও স্পষ্ট দিশা নেই পার্টির কাছে। আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচনে এখনও সিপিএমের কাছে তেমন ইস্যু নয়। বরং চলতি বছরের শেষে বিহার বিধানসভা ভোটের দিকেই তাকিয়ে রয়েছে দল।
বৃহস্পতিবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হয়েছে। শুক্রবার দলের সাধারণ সম্পাদক এম এ বেবি জানিয়েছেন, রাজ্যগুলিতে সংগঠন বৃদ্ধির ব্যাপারে নজর দেওয়া হবে। রাজ্যে পলিটব্যুরোর দায়িত্বপ্রাপ্ত নেতারাই এই ব্যাপারে প্রধান কাজ করবেন। একইসঙ্গে বেবি জানিয়েছেন, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি ও শরিক দলগুলিকে হারানোই অন্যতম চ্যালেঞ্জ। এই ব্যাপারে ইতিমধ্যেই সিপিএম অন্য বাম দলগুলির সঙ্গে কথা বলা শুরু করেছে। এরই মাঝে বঙ্গে কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচন রয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আগেই বলেছিলেন, বামফ্রন্ট ও কংগ্রেসের সমর্থনে সিপিএম প্রার্থী দিলে জুতসই লড়াই হবে। শেষে দেখা গেল, চাপে পড়ে ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিল! তাহলে কি জুতসই লড়াই হবে না? শুক্রবার এই প্রশ্নের উত্তরে সেলিম বলেন, ‘সিপিএম রাজ্য সম্পাদক হিসেবে ওটাই আমার বক্তব্য ছিল। বলেছিলাম, বামফ্রন্টে ও কংগ্রেসের সঙ্গেও আলোচনা হবে। বাম শরিকরা মনে করলেন, ২০২১ নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয়েছিল। কংগ্রেস সেই সমঝোতা রাখতে চায়। কংগ্রেস বামফ্রন্টকে চিঠি দিয়েছিল। এখনও জুতসই লড়াই হবে।’ দিল্লিতে সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবি জানিয়েছেন, তাঁর নেতৃত্বে ১০ ও ১১ জুন কাশ্মীর যাবে সিপিএমের প্রতিনিধি দল। তাতে রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যও থাকবেন।