Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের আগে সংগঠন চাঙ্গা করতে মরিয়া সিপিএম নেটে গান-ভিডিয়ো, পথে বাইক-সাইকেল যাত্রা

এলইডি স্ক্রিন, সুসজ্জিত ট্যাবলো, পেশাদারদের হাতে তৈরি রিলস-ভিডিয়ো।

ভোটের আগে সংগঠন চাঙ্গা করতে মরিয়া সিপিএম নেটে গান-ভিডিয়ো, পথে বাইক-সাইকেল যাত্রা
  • ৩০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এলইডি স্ক্রিন, সুসজ্জিত ট্যাবলো, পেশাদারদের হাতে তৈরি রিলস-ভিডিয়ো। সঙ্গে গান। ‘বাংলা বাঁচাও যাত্রা’ দিয়ে সংগঠন চাঙ্গা করতে চেষ্টায় খামতি রাখছে না আলিমুদ্দিন স্ট্রিট। যাত্রার সঙ্গেই রয়েছে বাস। মাঝপথে যোগ দেবে শতাধিক বাইক-সাইকেল। গঙ্গাবক্ষে নৌকায়ও চলবে ‘যাত্রা’। এসবের পরও দলের অন্দরেই প্রশ্ন, গান-বাজনা তো হচ্ছে, দিনের শেষে তৃণমূল-বিজেপি বাইনারি ভাঙা যাবে তো?

Advertisement

সিপিএম নেতৃত্বের অবশ্য দাবি, বাইনারি ভাঙছে। কিন্তু গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নিয়ে আশায় বুক বেঁধেছিল সিপিএম। শেষ পর্যন্ত ফলাফলে দেখা যায়, শুধুমাত্র রানিনগর বিধানসভায় এগিয়ে থেকে তিনি পরাজিত হয়েছেন। এই প্রেক্ষিতে আলিমুদ্দিনের এক নেতার কথায়, ‘ছক ভাঙা পদ্ধতিতে কর্মসূচি নেওয়া হয়েছে। আগে ইনসাফ যাত্রা হয়েছিল। সেই সমস্ত কর্মসূচি থেকে ফিডব্যাক নিয়েই আগামী কর্মসূচি ঠিক হয়েছে।’ শনিবার তুফানগঞ্জে জনসভার মাধ্যমে শুরু হয়েছে সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’। উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ স্থানীয় নেতৃত্ব। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে একের পর এক গান আনছে সিপিএম। সূত্রের খবর, উত্তরবঙ্গের সমস্যা নিয়ে যেমন একটি গান ও ভিডিয়ো এসেছে, তেমনভাবে এলাকা ভেদে সেখানকার নির্দিষ্ট সমস্যা নিয়ে আলাদা আলাদা ভিডিয়ো আসবে। মোট ১০ থেকে ১২টি গান তৈরি করা হয়েছে। লাল শিবির সূত্রে আরও খবর, বিস্তর চিন্তাভাবনা করে এই কর্মসূচির যাত্রাপথ তৈরি করা হয়েছে। যেসব বিধানসভা আসনে দলের সম্ভাবনার ক্ষেত্রগুলি তুলনামূলক বেশি, সেই এলাকাগুলি মাথায় রেখেই যাত্রাপথ চূড়ান্ত হয়েছে। কলকাতার এক বাম নেতা বলছিলেন, ‘আয়োজন, ব্যবস্থাপনা, পরিকল্পনা তো ভালোই। বিধানসভায় খাতা খোলা যায় কি না, সেটাই দেখার!’

Advertisement
সম্পর্কিত সংবাদ