সংবাদদাতা, হবিবপুর: জনসংযোগ, দেওয়াল লিখন সহ তৃণমূল ও বিজেপি একের পর কর্মসূচি নিচ্ছে। তবে, হবিবপুরে এখনও মাঠে নামতে দেখা যায়নি সিপিএম ও কংগ্রেসকে। দীর্ঘদিন বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হবিবপুর। তবুও ভোটের আগে এই নিষ্ক্রিয়তা নিয়ে শুরু হয়েছে চর্চা। কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসও।
তৃণমূলের দাবি, বাম নেতাদের ভাবমূর্তি নষ্ট হয়ে গিয়েছে। বিজেপিকে বেশিরভাগ মানুষ পছন্দ করছেন না। বিপদে ও এলাকার উন্নয়নে সবসময় এগিয়ে যায় শাসকদলই। তাই দল এবার হবিবপুর বিধানসভায় রেকর্ড ভোটে জয়ী হবে।
ক্ষমতা দখলের লড়াইয়ে নামার প্রস্তুতি হিসেবে তৃণমূল ও বিজেপি কর্মীরা সকাল, সন্ধ্যা জনসংযোগও শুরু করেছেন। তৃণমূলের হবিবপুর ব্লক সভাপতি স্বপন সরকার বলেন, সিপিএম মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন হবিবপুরে জিতেছিল। অনেক বছর ক্ষমতায় থেকেও এলাকায় উন্নয়ন করতে পারেনি। তৃণমূল প্রতিশ্রুতি দিয়ে পূরণ করেছে।
তবে, ভোটের আগে জনসংযোগ না করার বিষয়টি উড়িয়ে দিয়েছেন সিপিএমের হবিবপুর ব্লক সাধারণ সম্পাদক কৃষ্ণ চৌধুরী। বলেন, বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে। শীঘ্রই জোরকদমে প্রচার শুরু করা হবে।
উল্টো দিকে গত বিধানসভা ভোটে সিপিএমের সঙ্গে জোট করে ক্ষতি হয়েছে বলে মনে করছে ব্লক কংগ্রেস নেতৃত্ব। হবিবপুর ব্লক কংগ্রেস সভাপতি সুব্রত কর্মকারের মন্তব্য, এবার কংগ্রেস এককভাবে লড়বে। শিক্ষিত আদিবাসী পরিবারের সন্তানকে টিকিট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রার্থী ঘোষণা হয়ে গেলেই জোরকদমে প্রচার শুরু করা হবে।