


সংবাদদাতা, মালদহ: বামফ্রণ্টের শরিক হিসাবে বিধানসভা নির্বাচনে মালদহে এই প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে সিপিআই। দলের জেলা নেতৃত্বের তরফে এই দাবি করা হয়েছে। মালদহ (পুরাতন মালদহ) আসনে সিপিআই বামফ্রণ্টের তরফে লড়াই করবে বলে জেলা নেতৃত্ব জানিয়েছে। এই দাবি সত্যি হলে এবার মালদহে বামেদের চার প্রধান শরিকই বিধানসভায় লড়াই করবে। ফরওয়ার্ড ব্লক হরিশ্চন্দ্রপুর এবং আরএসপি মালতীপুর বিধানসভা আসনে আগে থেকেই লড়াই করে আসছে।
সিপিআইয়ের মালদহ জেলা সম্পাদক সামীর সরকার ওরফে বাবর বলেন, আমরা মালদহ আসনটি থেকে এবার বিধানসভা নির্বাচনে লড়াই করব। রাজ্য বামফ্রণ্টের বৈঠকে আমাদের এই আসন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। দলের রাজ্য নেতৃত্বের তরফে আমাদের বিষয়টি জানানো হয়েছে। আমরা দলের কর্মীদের ইতিমধ্যেই নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে বলেছি। এই আসনে সিপিআই প্রার্থী কে হবেন তা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুই ঘোষণা করবেন। জেলা থেকে আমরা এই নাম বলব না।
তবে সিপিআই সূত্রে জানা গিয়েছে, তপসিলি জাতির জন্য সংরক্ষিত এই বিধানসভা আসনে নবীন প্রজন্মের এক দলীয় সদস্যের নাম প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে কোনো বদল না হলে সিপিআইয়ের তরফে স্নাতকোত্তর উত্তীর্ণ ওই তরুণীই মালদহ আসনে বামফ্রণ্টের হয়ে লড়াই করবে।
উল্লেখ্য, বামফ্রন্টে যোগদানের আগে সিপিআই মালদহের হবিবপুর, ইংলিশবাজার এবং মানিকচক কেন্দ্রে বিধানসভা নির্বাচনে লড়াই করত। এর মধ্যে ইংলিশবাজারে ১৯৭৭ সালের আগে সিপিআইয়ের বিমল দাস জয়ী হয়েছিলেন। তবে বামফ্রণ্টে যোগদানের পর থেকে মালদহের কোনো বিধানসভা আসনেই লড়াই করার সুযোগ পায়নি সিপিআই।
সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র বলেন, বিধানসভা নির্বাচনে কোন শরিক কোন আসনে লড়বে তা রাজ্য বামফ্রণ্ট নেতৃত্ব চূড়ান্ত করে। আমরা আমাদের অভিমত জানাই। সিপিআই জেলা নেতৃত্বের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করব না। বামফ্রন্ট নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণার পরেই যা বলার বলব।