নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনের বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আগামী ১৯ আগস্ট বামফ্রন্ট কমিটি আসন বোঝাপড়া নিয়ে বৈঠকে বসছে। এরই মাঝে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, তাঁদের কর্মী-সমর্থকরা ২৯৪টি আসনেই এককভাবে লড়াই করতে চান। বুধবার সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা কংগ্রেসকে স্বাগত জানাচ্ছি। যারা আসবে, তাদের কীভাবে জায়গা দেওয়া যায় সেটাও ভাবা হবে।’ এর পাশাপাশি জোট প্রসঙ্গে যে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আগ্রহী, সেকথাও স্মরণ করিয়ে দিয়েছেন। আগামী ১৫ আগস্ট থেকে তিনদিনব্যাপী ২৮তম রাজ্য সম্মেলন শুরু হচ্ছে শতবর্ষে পা দেওয়া সিপিআইয়ের। সল্টলেকে সম্মেলন শুরুর আগে করুণাময়ী থেকে একটি মিছিল হবে। উপস্থিত থাকবেন পার্টির সাধারণ সম্পাদক ডি রাজা। এদিন স্বপনবাবু বলেন, আরএসএসের একমাত্র উদ্দেশ্য লালঝান্ডা তাড়ানো। জাতীয় ক্ষেত্রে আমাদের প্রথম উদ্দেশ্য, বিজেপিকে হটানো। তার আগে সমস্ত বিভেদ ভুলে বামদলগুলোকে এককাট্টা হওয়ার বিষয়টি রাজ্য সম্মেলনে তুলে ধরা হবে। বাংলার ক্ষেত্রে তিনি আরও বলেন, ‘১৯৭৭ সালের পদ্ধতিতে বামফ্রন্টে আসন ভাগ করলে চলবে না।’ ২১ সেপ্টেম্বর থেকে পাঁচদিনব্যাপী পার্টি কংগ্রেস শুরু হবে চণ্ডীগড়ে। অন্যদিকে, এদিন পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি, প্রদেশ ইলেকশন কমিটি, এগজিকিউটিভ কমিটি, অফিস বেয়ারার্স ও জেলা কংগ্রেসের নাম ঘোষণা করেছে কংগ্রেস।



