নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিআইয়ের ২৮তম রাজ্য সম্মেলন থেকে পুনরায় রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের সম্মেলন থেকে সমস্ত বামপন্থী দলের ঐক্য আরও মজবুত করার ডাক দেওয়া হল। সূত্রের খবর, সিপিআই বামফ্রন্টের কাছে বেশি আসনে লড়াই করার দাবি জানাবে। ১০০ বছরের পার্টির যুক্তি, নির্বাচনী ক্ষেত্রে সকলেই শূন্য। ফলত, সেই শূন্যকে হাতিয়ার করেই বামফ্রন্টের বৈঠকে যাবেন তাঁরা। নেতৃত্বের কথায়, কংগ্রেস যদি ২৯৪টি প্রার্থী দিতে চায় তবে বৃহত্তর বাম জোট আরও মজবুত করতে হবে। ৪৫টি আসনে সাংগঠনিকভাবে শক্তি বৃদ্ধির চেষ্টা করছে সিপিআই। নবনির্বাচিত রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সার্বিকভাবে বামপন্থী ঐক্য গড়ে তোলাই লক্ষ্য। লিবারেশনকে পেয়েছি, এসইউসিআইকে পাইনি। সেই কাজ করতে হবে। নির্বাচনী জোট হিসেবে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ দলকে কাছে নিয়ে আসাটা দ্বিতীয় কাজ।’ ১৫ আগস্ট সল্টলেকের বিডি হলে সম্মেলন উদ্বোধন করেন পার্টির সাধারণ সম্পাদক ডি রাজা। কমিউনিস্ট পার্টির সদস্য স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস তুলে ধরা হয়েছিল সম্মেলন স্থলে। সম্মেলন থেকে ৩৪ জনের রাজ্য কার্যনির্বাহী কমিটি ও ৭১ জনের রাজ্য পরিষদ নির্বাচিত হয়েছে।



