Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

ঘাটতি মেটাতে কোচবিহার মেডিকেলে পঞ্চাশের বেশি চিকিৎসক-নার্স নিয়োগ

প্রত্যেক বছর পুজোর সময় বা নির্বাচনের দিন জেলার চিকিৎসা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক থাকে না বলে অভিযোগ ওঠে। কিন্তু এবার কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক কম থাকার কোনো অভিযোগ ওঠেনি।

ঘাটতি মেটাতে কোচবিহার মেডিকেলে পঞ্চাশের বেশি চিকিৎসক-নার্স নিয়োগ
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: প্রত্যেক বছর পুজোর সময় বা নির্বাচনের দিন জেলার চিকিৎসা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক থাকে না বলে অভিযোগ ওঠে। কিন্তু এবার কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক কম থাকার কোনো অভিযোগ ওঠেনি। কারণ, নির্বাচন বিধি চালু হওয়ার আগে কোচবিহার মেডিকেলে ৫০ জনের বেশি চিকিৎসক নিয়োগ হয়েছে। দীর্ঘদিন পর নিয়োগের ফলে বহু চিকিৎসক কাজে যোগও দিয়েছেন। এঁদের মধ্যে বিশেষজ্ঞরা যেমন রয়েছেন, তেমনি অন্যান্য চিকিৎসকও রয়েছেন। কোচবিহার মেডিকেলে চিকিৎসকের অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল। সেই সমস্যা মেটাতে বহুদিন আগে থেকেই কর্তৃপক্ষ ওই সব পদে চিকিৎসক চাইছিলেন। সম্প্রতি এই বিরাট সংখ্যক চিকিৎসক নিয়োগ হওয়ায় কোচবিহার মেডিকেলের চিকিৎসকের সমস্যা অনেকটাই কমেছে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রায় সব বিভাগেই কয়েকজন করে চিকিৎসক দেওয়া হয়েছে। তাঁরা রীতিমতো কাজ করতেও শুরু করেছেন। এতে মেডিকেল কলেজের মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি সহ অন্যান্য বিভাগগুলিতে অনেকটাই সমস্যার সুরাহা হয়েছে।

Advertisement

শুধু চিকিৎসক নিয়োগই নয়, ৫০ জনেরও বেশি নার্সের নিয়োগ হয়েছে। তাঁরাও কাজ করতে শুরু করেছেন। কোচবিহার মেডিকেলে প্রায় ৫০০ রোগীর চিকিৎসার জন্য শয্যা রয়েছে। অন্যদিকে, মেডিকেল কলেজের বহির্বিভাগে প্রতিদিন প্রায় তিন হাজার করে রোগী চিকিৎসা করাতে আসেন। এই রোগীরা যাতে সঠিক পরিষেবা পান তার জন্য কর্তৃপক্ষ আগেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। এবার বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়ায় পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো হবে বলে মনে করা হচ্ছে। 
কোচবিহার মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অচিন্ত্যনারায়ণ রায় বলেন, এখানে ৫০ জনের বেশি চিকিৎসক ও ৫০ জনেরও বেশি নার্স নিয়োগ হয়েছে। তাঁরা কাজ শুরু করেছেন। এতে পরিষেবা আগের থেকে অনেক বেশি উন্নত হবে। নির্বাচনের সময়গুলিতেও কোনো সমস্যা হয়নি।
কোচবিহারে মেডিকেল কলেজ স্থাপনের পর এখানে নতুন প্রশাসনিক ভবন, ছাত্র হস্টেল হয়েছে। প্রশাসনিক ভবনের পাশেই নয়তলা একটি ভবন নির্মাণ হচ্ছে। এসেছে প্রচুর উন্নত যন্ত্রপাতি। কিন্তু এতো কিছুর পরেও এখানে চিকিৎসকের সমস্যা ছিল। এবার সেই সমস্যা অনেকটাই মিটল।

সম্পর্কিত সংবাদ