দুবাই: গত কয়েকদিন ধরে চর্চায় ছিল টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটিং। শুভমান গিল ফেরায় ওপেনিং স্লটে সঞ্জু স্যামসনের জায়গা অনিশ্চিত। গিলের সঙ্গে ইনিংস শুরু করবেন অভিষেক শর্মা। সোমবার টিম ইন্ডিয়ার নেট সেশনে সেই সম্ভাবনা আরও জোরালো হল। তবে ব্যাটিং গভীরতা বাড়ানোর উপরও কোচ গৌতম গম্ভীর বাড়তি নজর দিচ্ছেন। সব ঠিক চললে ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেন শিবম দুবে। কারণ, অলরাউন্ডার হিসেবে তাঁকে কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। নেটে ব্যাটিংয়ের পাশাপাশি হাত ঘোরালেন তিনি। রিঙ্কু সিংয়ের জায়গায় দুবের খেলার সম্ভাবনা প্রবল। কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার দেওয়াল লিখন পড়তে পারছেন। কারণ, মূল নেট সেশনে তিনি জায়গা পাননি। প্র্যাকটিস সেশনের শেষ মুহূর্তে রিঙ্কুকে দেখা গেল সাপোর্ট স্টাফের থ্রো-ডাউনে নক করছেন। দুবের খেলার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বোলিং কোচ মর্নিং মর্কেলের কথায়, ‘দুবেকে আমরা পেস অলরাউন্ডার হিসেবেই ভাবছি। খুবই প্রতিভাবান ক্রিকেটার। ওকে দিয়ে পুরো চার ওভার বল করানো সম্ভব। তাতে এই কন্ডিশনে আমাদের হাতে অপশন বেড়ে যাবে। শুধু বোলিং নয়, ব্যাটের হাতও বেশ ভালো দুবের। ওর অলরাউন্ড পারফর্ম আমাদের অনেক সমস্যার মুশকিল আসান করে দিতে পারে।’
অত্যধিক গরমের কারণে দুবাইয়ে আইসিসি’র অ্যাকাডেমির মাঠে সান্ধ্যকালীন প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। সূর্যকুমার, শুভমান গিলদের ফুরফুরে মেজাজেই পাওয়া গেল। হার্দিক পান্ডিয়া দীর্ঘক্ষণ নেটে হাত ঘোরালেন। বাঁ হাতি পেসার অর্শদীপ সিংও প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না।
প্র্যাকটিসের শুরুতে সঞ্জু স্যামসন কিপিং অনুশীলনে মগ্ন ছিলেন। দেখে মনে হচ্ছিল, যাবতীয় জল্পনা উড়িয়ে তিনি মাঠে নামার জন্য নিজেক প্রস্তুত করতে ব্যস্ত। কোচ গম্ভীর তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেন। তবে গিল, সূর্যরা যখন নেটে নক করছিলেন, তখন সঞ্জু ড্রেসিং-রুমের বাইরে একটা আইস বাস্কেটের উপর বসেছিলেন একান্তে। অনুশীলনের শেষ দিকে তিনি নেটে ঢোকে। সেই সময় ভারতীয় বোলাররা ঘাম ঝরিয়ে ক্লান্ত। সঞ্জুর জায়গায় জিতেশ শর্মাকে উইকেটকিপিং করতে দেখা যেতে পারে।



