Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতায় অগ্নিনির্বাপক কেন্দ্রের নির্মাণ শুরু

আমতায় একটি নতুন অগ্নিনির্বাপক কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছিল হাওড়া জেলা প্রশাসন। এবার কেন্দ্রটি নির্মাণের প্রক্রিয়া শুরু হল।

আমতায় অগ্নিনির্বাপক কেন্দ্রের নির্মাণ শুরু
  • ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতায় একটি নতুন অগ্নিনির্বাপক কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছিল হাওড়া জেলা প্রশাসন। এবার কেন্দ্রটি নির্মাণের প্রক্রিয়া শুরু হল। আমতা বাগনান রোডের নতুন রাস্তার কাছাকাছি এলাকায় এটি তৈরি হচ্ছে। ইতিমধ্যে জমি মাপজোখের পর অ্যাশ ফিলিং চলছে। শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। প্রশাসন সূত্রে খবর, এই অগ্নিনির্বাপক কেন্দ্রটি তৈরিতে খরচ হবে প্রায় ছ’ কোটি টাকা। দ্বিতল এই ভবনে দু’টি দমকলের গাড়ি রাখার পরিকল্পনা আছে।

Advertisement

রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় এই অগ্নিনির্বাপক কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে। কমপক্ষে পাঁচটি থানা এলাকায় থাকা কারখানায় বা অন্য কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এখান থেকেই গাড়ি পাঠিয়ে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এলাকার বিধায়ক নির্মল মাজি বলেন, এখানে অগ্নিনির্বাপক কেন্দ্রটি খুব প্রয়োজন ছিল। এই কেন্দ্রটি নির্মাণের জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। গত কয়েক বছরে উলুবেড়িয়া-আমতা রোড, আমতা রানিহাটি রোড এবং আমতা ও উদয়নারায়ণপুরে একাধিক ছোটবড় কলকারখানা গড়ে  উঠেছে। পাশাপাশি জনপদও বাড়ছে। গড়ে উঠেছে হাটবাজার, বাস স্ট্যান্ড, প্রশাসনিক ও ব্যবসায়িক ভবন। এমন এলাকায় কোনও অগ্নিনির্বাপক কেন্দ্র না থাকার জন্য সমস্যা হতো। উলুবেড়িয়ার আলমপুর থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেওয়ার আগেই সব পুড়ে শেষ হয়ে যেত।
প্রসঙ্গত, হাওড়া গ্রামীণ এলাকায় উলুবেড়িয়া এবং আলমপুরে দু’টি অগ্নিনির্বাপক কেন্দ্র আছে। বাকি কেন্দ্রগুলি হাওড়া শহরে। সেক্ষেত্রে গ্রামীণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এইসব জায়গা থেকে ইঞ্জিন পৌঁছতে অনেক বেশি সময় লাগত। তাই আমতার বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানা মহলের দাবি ছিল, আমতায় একটি অগ্নিনির্বাপক কেন্দ্র হোক। তাহলে আমতার পাশাপাশি জয়পুর, উদয়নারায়ণপুর, পেঁড়ো এবং বাগনান থানা এলাকার একটি বড় অংশের বাসিন্দারা 
উপকৃত হবেন।    

Advertisement
সম্পর্কিত সংবাদ