


এলাহাবাদ: অবসরপ্রাপ্ত পুলিস কর্তা আইজি রাকেশ সিংয়ের নির্দেশে ২০২৩ সালে চাকরি যায় এক কনস্টেবলের। আদালতে কনস্টেবলের হয়ে লড়েন মহিলা আইনজীবী অনুরা সিং। জেতেনও তিনি। তবে চমক অন্যত্র। সম্পর্কে অবসরপ্রাপ্ত আইজি রাকেশের কন্যা অনুরা। উত্তরপ্রদেশের ঘটনা।
জানা গিয়েছে, দু’বছর আগে ট্রেনে করে যাচ্ছিলেন ওই কনস্টেবল। সেই সময় পিলিভিট জেলার এক নাবালিকাও ওই কম্পার্টমেন্টে ছিল। সে অভিযোগ করে, কনস্টেবল তৌফিক আহমেদ তার শ্লীলতাহানি করেছে। গ্রেপ্তার করা হয় কনস্টেবলকে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়। পাশাপাশি শুরু হয় বিভাগীয় তদন্ত। সেই সময় ওই রেঞ্জের আইজি ছিলেন রাকেশ। বিভাগীয় তদন্তের পর তৌফিককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন তিনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন তৌফিক। তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী অনুরা। আদালতে তিনি যুক্তি দেন, বরখাস্তের ক্ষেত্রে প্রক্রিয়াগত ভুল হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও বরখাস্ত করা হয়েছিল তাঁকে। গত ৩১ জুলাই অনুরার যুক্তি মেনে নিয়েছেন বিচারপতি অজিত কুমার। আদালত তদন্ত প্রতিবেদন ও বরখাস্তের নির্দেশ খারিজ করেন। তিন মাসের মধ্যে নতুন করে তদন্তের নির্দেশ দেন তিনি। মেয়ের জয়ে খুশি হয়েছেন রাকেশ। তিনি বলেছেন, ‘মেয়ের জয় আমার জন্য গর্বের। তদন্তে সত্যিই হয়তো ত্রুটি ছিল।’ অনুরা জানান, ‘আমি একজন আইনজীবী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি। আর বাবা সরকারের হয়ে নিজের দায়িত্ব পালন করেছিলেন। বাবা বনাম মেয়ের লড়াই নয় এটা।’ অভিযুক্ত তৌফিক জানিয়েছেন, তিনি জানতেনই না তাঁর আইনজীবীর সঙ্গে প্রাক্তন আইজির পারিবারিক সম্পর্ক রয়েছে।