নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আালু চাষিদের ভরতুকি দেওয়ার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। এই বিষয়ে তারা সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা চালাচ্ছে। বুধবার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আগের সরকার ভিনরাজ্যে আলু পাঠাতে অনুমতি দেয়নি। এদিকে বাংলার চাহিদা মিটিয়ে বাড়তি আলু ভিনরাজ্যে বিক্রি করার ক্ষেত্রে বাজার পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে এখানকার আলু চাষিরা যাতে বাইরে আলু বিক্রি করতে পারে, তার জন্য ভরতুকি দিতে চায় রাজ্য। পরিবহণ খরচ বা লজিস্টিক্সের উপর ওই ভরতুকি দেওয়া যায় কি না, সেই দিকটি নিয়েই আলোচনা চলছে। এদিন দিলীপবাবু বলেন, আলু, ধান ও পাট এরাজ্যের অন্যতম ফসল। উৎপাদনকারীরা যাতে এর দাম ভালো পায়, তার চেষ্টা করা হবে। সারের দাম ইতিমধ্যেই আগের থেকে ভালো অবস্থায় আছ। তাই আশা করা যায়, কৃষিক্ষেত্রে অনেক ভালো অবস্থায় থাকবে বাংলা। এদিন মন্ত্রী অভিযোগ করেন, এর আগে দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় প্রকল্পগুলির সঙ্গে সমন্বয় রেখে চলেনি রাজ্য সরকার। এখন তা হবে না। তার সুফল পাবেন রাজ্যবাসী।



