কালীপুজোর পরই জেলাজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক ও সংবাদদাতা, কাঁথি: কালীপুজোর পরই পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে ভোট বাঁচাও দেশ বাঁচাও কর্মসূচি নিয়ে আন্দোলনে নামছে কংগ্রেস। বৃহস্পতিবার তমলুকে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন এআইসিসি থেকে নিযুক্ত এই জেলার জন্য স্পেশাল অবজার্ভার যোগেশ দীক্ষিত। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সনৎ বটব্যাল, শেখ জিয়াদ সহ অন্যান্য নেতৃত্ব। এআইসিসি নিযুক্ত দলের স্পেশাল পর্যবেক্ষক বলেন, গত বিধানসভা ভোটে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছেন। তিনি ৯০লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছেন। এভাবে বিজেপিকে জয়ী হতে পথ তৈরি করে দিয়েছেন। বাদ পড়া ভোটারদের মধ্যে পরবর্তীতে ১১লক্ষের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অথচ, তাঁরা ভোট দিতে পারেননি। এরাজ্যে ভোট চুরি করে বিজেপিকে জিতিয়েছে নির্বাচন কমিশন। এনিয়ে আমরা প্রত্যেক ব্লকে আন্দোলনে নামব। মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লড়াই শুরু হবে। সর্বভারতীয় নেতৃত্ব এমনই নির্দেশ দিয়েছে। কালীপুজোর পরই এনিয়ে মেগা কর্মসূচি চলবে।

Advertisement

বুধবার সন্ধ্যায় কাঁথিতে প্রস্তুতি সভা ও সাংবাদিক বৈঠক করে জেলা কংগ্রেস। ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শম্ভু ভুঁইয়া, মহকুমা সভাপতি গঙ্গারাম মিশ্র প্রমুখ। জানানো হয়, আগামী ১নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদ কর্মসূচিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা থেকেও দলের কর্মী-সমর্থকরা ব্যাপকভাবে যোগ দেবেন।