Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কংগ্রেসে ‘নব জোয়ার’, রাসবিহারীতে খুলল পার্টি অফিস

নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর প্রদেশ কংগ্রেসের যেন পৌষ মাস। যেন নব জোয়ার এসেছে।

কংগ্রেসে ‘নব জোয়ার’, রাসবিহারীতে খুলল পার্টি অফিস
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর প্রদেশ কংগ্রেসের যেন পৌষ মাস। যেন নব জোয়ার এসেছে। প্রায় প্রতিদিনই হয় প্রদেশ কংগ্রেস দপ্তরে কিংবা শহরের অন্যান্য অঞ্চলে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান হচ্ছে। সম্প্রতি রবিবার যোগদান হল রাসবিহারীতে। সেখানে নতুন পার্টি অফিসের উদ্বোধনও করল হাত শিবির।

Advertisement

রাসবিহারীর চারু মার্কেট থানা এলাকার ঘড়িঘর অঞ্চলে কংগ্রেসের পার্টি অফিস খোলা হয়েছে। এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা আশুতোষ চট্টোপাধ্যায় এর উদ্যোগ নিয়েছিলেন। তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি। কংগ্রেসের অভিযোগ, ক্ষমতায় আসার পর তৃণমূল এই অফিস দখল করে নিয়েছিল। পালাবদলের পর অফিস ফেরত নিল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, শেষ কবে শহরে এভাবে কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন হয়েছে তা মনে পড়ছে না। তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরে যেতে পারেন বলে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। নানা রকমের জল্পনা চলছে। এসবের মধ্যেই যেন নতুন করে প্রাণ পেয়েছে প্রদেশ কংগ্রেস। আশুতোষবাবু বলেন, ‘ওই কার্যালয় তৃণমূল দখল করে রেখেছিল। সেটা আমরা আবার নিজেদের অধীনে নিয়ে এসেছি। এটা আমাদের কাছে ১০০ শতাংশ আত্মতৃপ্তি। এই পার্টি অফিসগুলি তৃণমূল দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল। মানুষের স্বার্থে ব্যবহার হয়নি। কংগ্রেস মানুষের স্বার্থে ব্যবহার করবে।’ কার্যালয় উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন ভবানীপুর অঞ্চলের কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ, তুলসী মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়রা। সেখানে তৃণমূল থেকে বহু কর্মী কংগ্রেসে যোগ দেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন আশুতোষ, প্রদীপরা। আশুতোষ জানান, যাঁরা জনগণের স্বার্থে কাজ করতে চান, তৃণমূল বা অন্য দলে রয়েছেন,  যাঁদের গায়ে কোনো দাগ নেই, তাঁরা কংগ্রেসে স্বাগত। কারণ জাতীয় কংগ্রেস একমাত্র প্ল্যাটফর্ম যারা আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ