নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সঞ্জয় বারুর পর এবার মণিশংকর আইয়ার। বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ভূয়সী প্রশংসা করলেন। এমনকি এও জানালেন, মহাজোট ইন্ডিয়ার নেতৃত্ব দিতে পারেন মমতাই। রবিবার একটি অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মণিশংকর আইয়ার। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ইন্ডিয়া জোট থাকবে না। ইন্ডিয়া জোট আলাদা হয়ে যাবে। এই জোটের গুরুত্বপূর্ণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জোট সামলানোর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকেই দেওয়া উচিত।
এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু প্রকাশ্যেই মমতার লড়াইকে কুর্নিশ জানিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, ইন্ডিয়া জোটের প্রধান মুখ মমতা এবং উপযুক্ত নেতা। স্বাভাবিকভাবেই এটা দেখা যাচ্ছে, দেশের তাবড় রাজনীতিবিদ থেকে প্রশাসনিক ব্যক্তিত্বদের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জোর উন্মাদনা। পশ্চিমবঙ্গের প্রতিটি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপিকে হারাচ্ছেন, তারই ভূয়সী প্রশংসা করছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।



