নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাগেশ্বরকাণ্ডে শহরে বিক্ষোভ এবং ছবি পোড়ানোর জেরে মুখ্যমন্ত্রীর নির্দেশ—‘গ্রেপ্তার করতেই হবে’। এরপরেই তৎপর কলকাতা পুলিশ। মঙ্গলবার ভবানীপুরে বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে মামলা দায়ের করল পুলিশ। তার পরিপ্রেক্ষিতেই ভোররাতে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে বাড়ি থেকে গ্রেপ্তার করে ভবানীপুর থানা। তাঁকে এদিন আলিপুর আদালতে পেশ করা হয়। ধৃতকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক। এই মামলায় কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় ও দক্ষিণ কলকাতার জেলা সভাপতি প্রদীপ প্রসাদের নাম অভিযুক্ত হিসাবে রয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার বলেন, ‘আইন কোন পথে চলবে, তা ঠিক করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এটি একটি বিপজ্জনক প্রবণতা। তিনি আইন বিশারদ কি না আমরা জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে, প্রশাসনিক প্রধান হিসাবে তাঁর উচিত ছিল, সমগ্র বিষয়টি তদন্ত করে দেখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া।’



