নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, দিন দশেক রোদ ঝলমলে আবহাওয়া পেলে শহরের বেহাল রাস্তাগুলির হাল ফেরানো হবে। তাঁর কথামতো শুক্রবার রাত থেকে কাজ শুরু হয়েছে কলকাতায়। শহরের বিভিন্ন জায়গায় পথের খানাখন্দ বোজানোর কাজ চলছে। হচ্ছে প্যাচওয়ার্কও। পাশাপাশি মেয়রের নির্দেশে শহরের যে সমস্ত রাস্তায় জল জমার সমস্যা রয়েছে সেই সব জায়গায় কংক্রিটের ব্লক বসানো হচ্ছে। যাতে ভবিষ্যতে বারবার রাস্তা খারাপ না হয়। ভোগান্তি না পোহাতে না হয় নাগরিকদের।
ইতিমধ্যে উল্টোডাঙা হাডকো মোড় থেকে গড়িয়া ঢালাই ব্রিজ পর্যন্ত ই এম বাইপাসের রাস্তার গর্ত ভরাট করা হয়েছে। গৌরকিশোর ঘোষ স্কোয়ার, কাদাপাড়া ট্রাফিক সিগনালের সামনে থেকে বেলেঘাটা বিল্ডিং মোড় ক্রসিং, সায়েন্স সিটি থেকে আম্বেদকর সেতুগামী পথ, রুবি মোড়, হাইল্যান্ড পার্ক সহ বাইপাসের বিভিন্ন জায়গায় কোথাও গর্ত ভরাট, কোথাও প্যাচওয়ার্ক করা হয়েছে। দক্ষিণে আলিপুর রো, বর্ধমান রোডেও প্যাচওয়ার্কের কাজ হয়েছে। অন্যদিকে হাওড়া ব্রিজে ওঠার অ্যাপ্রোচ রোডে বসানো হচ্ছে কংক্রিটের ব্লক। পাশাপাশি মোমিনপুর মোড় থেকে বর্ধমান রোডগামী ডায়মন্ডহারবার রোড সংস্কারের কাজ শুরু হয়েছে। রাস্তায় ইট ফেলা হয়েছে ইতিমধ্যেই। এই অংশে জল জমার সমস্যা থাকায় সেখানেও কংক্রিটের ব্লক বসানো হবে। সড়ক বিভাগের এক আধিকারিক বলেন, এখন সেভাবে বৃষ্টি হচ্ছে না বলে রাস্তার কাজ করতে সুবিধা হয়েছে। শহরের বেশ কয়েকটি ‘স্পট’ আমরা চিহ্নিত করছি। যেখানে একটু বেশি বৃষ্টিতে জল জমে যাচ্ছে। পিচের ক্ষতি হচ্ছে। বারবার রাস্তা খারাপ হচ্ছে। মেয়রের নির্দেশে সেই সমস্ত লোকেশনে আমরা কংক্রিটের ব্লক বসাব। কয়েকটিতে কাজও শুরু হয়েছে।