স্কুল জীবনের জ্যামিতি বক্সে অপরিহার্য কম্পাস। শুধু গাণিতিক পাঠই নয়, দিক নির্ণয়েও কম্পাসের জুড়ি মেলা ভার। কিন্তু, এবার নতুন ‘কম্পাস’-এর সঙ্গে আলাপ হবে দর্শকদের। স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক কম্পাস। সেখানে কেন্দ্রীয় চরিত্র কম্পাস। কলেজ প্রেম, কলেজ জীবনের অনেক খুঁটিনাটি নিয়েই আবর্তিত গল্প। ধারাবাহিকের পরতে পরতে থাকবে কলেজ জীবনের নস্টালজিয়া। এই ধারাবাহিকে জুটি বাঁধছেন অর্কপ্রভ রায় এবং পর্ণা চক্রবর্তী। ‘মিস্টার ভি’-এর চরিত্রে অর্কপ্রভ এবং পর্ণা স্বয়ং ‘কম্পাস’। আসন্ন ধারাবাহিক নিয়ে রহস্য জিইয়ে রাখতে চাইছেন নির্মাতারা। সাংবাদিকতার ছাত্রী পর্ণার সদ্য কলেজ জীবন শেষ হয়েছে। কম্পাস তাঁর প্রথম ধারাবাহিক। যা কিছু প্রথম তা সব সময় বিশেষ। পর্ণা বলেন, ‘প্রথম ধারাবাহিক তাই একটু নার্ভাস লাগছে। একই সঙ্গে আমি উত্তেজিত। এই ধারাবাহিকে আমার নামটাও বেশ আলাদা, কম্পাস। জীবনের দিশা দেখাবে সে। চরিত্রটির অনেক রং রয়েছে। সেটা ক্রমশ প্রকাশ্য।’ ‘তোমাদের রানি’, ‘দুই শালিক’ এর পর ফের একই চ্যানেলে নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন অর্কপ্রভ। চরিত্র নিয়ে কিছুটা গোপনীয়তা বজায় রেখে অভিনেতা বলেন, ‘ধরা যাক আমার চরিত্রের নাম ‘মিস্টার ভি’। রাগী, শিক্ষিত একজন মানুষ। কলেজ জীবনের ছায়া, কলেজ প্রেম সব নিয়েই এগবে গল্প। আশা করছি দর্শকদের ভীষণ ভালো লাগবে।’ এই ধারাবাহিক নির্মাণের দায়িত্ব রয়েছে টেন্ট সিনেমা। প্রযোজক সুশান্ত দাস বলেন, ‘কলেজ প্রেমের গল্প আশা করি দর্শকের ভালো লাগবে। নতুন প্রজন্ম আরও বাংলা ধারাবাহিক দেখুক, এটাই চাই।’ আগামী ২৫ আগস্ট থেকে নতুন এই জুটিকে পর্দায় দেখবেন দর্শক।



