Bartaman Logo
৯ জুন, ২০২৬

বাতিল ভোটারদের আধার চাইল কমিশন, বিহারে বাদ যাওয়া ৬৫ লক্ষ নাম সুপ্রিম কোর্টের নির্দেশে ফের রিভিউয়ে

বিরোধী শিবিরের গর্জন, আর সুপ্রিম নির্দেশ। বিহারে ইন্টেনসিভ রিভিশনের পর বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটার ইস্যুতে নড়েচড়ে বসতে বাধ্য হল নির্বাচন কমিশন।

বাতিল ভোটারদের আধার চাইল কমিশন, বিহারে বাদ যাওয়া ৬৫ লক্ষ নাম সুপ্রিম কোর্টের নির্দেশে ফের রিভিউয়ে
  • ২০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

পাটনা: বিরোধী শিবিরের গর্জন, আর সুপ্রিম নির্দেশ। বিহারে ইন্টেনসিভ রিভিশনের পর বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটার ইস্যুতে নড়েচড়ে বসতে বাধ্য হল নির্বাচন কমিশন। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়ে দিল, খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটাররা আধার কার্ড দিয়ে ফের আবেদন করুন। রিভিউ হবে। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়ালও জানিয়েছেন, তালিকা থেকে বাদ পড়া ভোটাররা আধার কার্ড দেখিয়ে পুনরায় তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি জানাতে পারবেন।

Advertisement

এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাদ পড়া ভোটাররা এপিক নম্বরের মাধ্যমে খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। জানা যাবে নাম বাদ যাওয়ার বিস্তারিত কারণও। এক্ষেত্রে ১ আগস্ট প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ যাওয়া নামের তালিকা ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, পুরসভা এবং প্রতিটি বুথেও টাঙানো হয়েছে। সেখান গিয়ে খোঁজ নিতে পারবেন তাঁরা। এনিয়ে কোনওরকম সমস্যা থাকলে বা কেউ অসন্তুষ্ট হলে দ্রুত আধার কার্ড জমা দিয়ে যাবতীয় অভিযোগ জানাতে পারবেন।
বিহারের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৮৯ লক্ষ। এসআইআরের পর কমিশনের দেওয়া খসড়া তালিকায় উল্লেখ রয়েছে ৭ কোটি ২৪ লক্ষের নাম। বাদ পড়েছেন ৬৫ লক্ষ ভোটার। বাতিলদের ক্ষেত্রে কমিশনের যুক্তি ছিল—৬৫ লক্ষ ভোটারের মধ্যে বর্তমানে ৩৬ লক্ষ পাকাপাকিভাবে অন্যত্র বসবাস করছেন। আর বাকি ২২ লক্ষ মৃত। রাতারাতি এত নাম বাদ পড়ায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। প্রশ্ন ওঠে, গত বছরই লোকসভা নির্বাচনে যাঁরা ভোট দিয়েছিলেন, তাঁদের মধ্যে ২২ লক্ষ মানুষ এরই মধ্যে মারা গেলেন? আর ৩৬ লক্ষ রাজ্য ছেড়ে চলেও গেলেন? স্লোগান, বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সংসদ। কমিশনের উপর ক্রমে চাপ বাড়াতে থাকে কংগ্রেস, তৃণমূল সহ সব বিরোধী দল। তাদের কথায়, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের মৃত ঘোষণা করা হয়েছে, আসলে তাঁদের অনেকেই জীবিত। ভোট চুরির নতুন অস্ত্র হল এসআইআর। সামনেই নির্বাচন। তাই ক্ষমতাসীন সরকারকে সুবিধা করে দিতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আর এই ষড়য়ন্ত্রে নির্বাচন কমিশনকে হাতিয়ার করেছে মোদি সরকার। এরই মাঝে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছয়। দিনকয়েক আগে এসআইআর সংক্রান্ত সেই মামলায় কড়া নির্দেশের মুখে পড়ে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার এক অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, বাদ পড়া ভোটারদের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। তারা কেন বাদ পড়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত কারণও জানাতে হবে কমিশনকে। এমনকী কমিশনের ওয়েবসাইটেও তা প্রকাশ করার নির্দেশ দেয় বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। পাশাপাশি এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ায় বাতিল ভোটারদের ক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করতে হবে। তাঁদের দাবি ফের রিভিউ করতে হবে। সেই সূত্রেই এমন পদক্ষেপ নির্বাচন কমিশনের। সোমবার নির্বাচনের এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় ফের অক্সিজেন পেয়েছেন তেজস্বী যাদব, রাহুল গান্ধীরা। বিরোধী শিবিরের কথায়, পুরো প্রক্রিয়ায় গলদ রয়েছে। বিপাকে পড়ে কমিশনের এই বিজ্ঞপ্তি তারই নমুনা। শীর্ষ আদালত কিন্তু বলেই রেখেছে, গলদ পেলে সেপ্টেম্বর মাসেও গোটা প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিতে পারে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ