নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৮ সেপ্টেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। মূল লড়াই হতে চলেছে সঙ্ঘ পরিবারের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের মধ্যেই। সম্প্রতি দিল্লির সত্য নিকেতনে বহুতল মেসবাড়ি ভেঙে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশি। হতাহতদের বড়ো অংশই দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। ছাত্রছাত্রীদের জন্য কেন পর্যাপ্ত হস্টেলের বন্দোবস্ত করতে পারে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তা নিয়ে বিতর্কের রেশ এখনও অব্যাহত। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেল বিতর্কই অন্যতম প্রধান নির্বাচনি ইস্যু হতে চলেছে। শুক্রবার এবিভিপির পক্ষ থেকে ছাত্র সংসদের প্রধান চারটি পদের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে যশ দাবাস, সহ সভাপতি পদে ইশু মৌর্য্য, সাধারণ সম্পাদক পদে রিয়া ছাওয়ারি, যুগ্ম সম্পাদক পদে লক্ষ্য রাজ সিং। গতবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রধান চারটি পদের মধ্যে তিনটিতেই জিতেছিল বিদ্যার্থী পরিষদ। কংগ্রেসের এনএসইউআই জিতেছিল শুধুমাত্র সহ সভাপতি পদে। এবিভিপির দাবি, এবছর ছাত্র সংসদের চারটি পদেই জিতবেন বিদ্যার্থী পরিষদের প্রার্থীরাই। এদিকে ছাত্র সংসদ নির্বাচনে জোট করে লড়ছে আইসা, এসএফআই। তারাও প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে।



