Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আড়াই টন সুপারি সমেত ট্রলার আটক করল উপকূলরক্ষী বাহিনী

প্রায় আড়াই টন সুপারি সহ একটি ট্রলারকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগরে হোভারক্রাফট নিয়ে টহল দিচ্ছিল।

আড়াই টন সুপারি সমেত ট্রলার আটক করল উপকূলরক্ষী বাহিনী
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: প্রায় আড়াই টন সুপারি সহ একটি ট্রলারকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগরে হোভারক্রাফট নিয়ে টহল দিচ্ছিল। সেই সময় তাঁরা দেখতে পায়, বকখালি থেকে মাত্র তিন নটিক্যাল মাইল দূরে লোথিয়ান দ্বীপ সংলগ্ন এলাকায় একটি ভারতীয় ট্রলার ঘোরাফেরা করছে। সেটিকে দেখে উপকূলরক্ষী বাহিনীর সন্দেহ হয়। তারা ওই ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করে। তা দেখে মোটর চালিয়ে ট্রলারের দুষ্কৃতীরাও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাঝ সমুদ্রে চলে পিছু ধাওয়া। কিন্তু শেষ পর্যন্ত দুষ্কৃতীরা ওই ট্রলারটি ছেড়ে দিয়ে অন্য একটি দ্রুতগামী ট্রলারে চড়ে গা ঢাকা দেয়। ঘন অন্ধকারে অন্য ট্রলারটিকে আর খুঁজে পাওয়া যায়নি। শেষে দুষ্কৃতীদের ফেলে যাওয়া এফবি লক্ষীনারায়ণ নামে ট্রলারটিকে উপকূলরক্ষী বাহিনী আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ট্রলারটিতে প্রায় আড়াই টন সুপারি রয়েছে, যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। এদিন রাতে আটক হওয়া ট্রলারটিকে নামখানার ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দরে নিয়ে আসা হয়েছে। এরপরই সেটিকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়। এই সুপারি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশ তার তদন্ত শুরু করেছে। এছাড়াও ওই ট্রলারের মালিককে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ