সংবাদদাতা, রানাঘাট: শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী রানাঘাট লালগোপাল উচ্চ বিদ্যালয়ের মুকুটে যুক্ত হল এক নতুন পালক। আগামী দিনে এই স্কুলে সমস্ত স্তরেই চালু হতে চলেছে কো–এডুকেশন। বর্তমানে ওই বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী উভয়েই ভর্তি হতে পারবে। বাংলা মাধ্যমে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রীদের পড়াশোনার সুযোগ থাকলেও এতদিন পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত শুধুমাত্র ছাত্ররাই ভর্তি হতে পারত। তবে সরকারি নতুন অনুমোদনের ফলে আগামী দিনে দ্রুত বাংলা মাধ্যমেও পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী উভয়ই পড়ার সুযোগ পাবে।
স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ সরকার সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আমাদের স্কুলে বাংলা মাধ্যমেও পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত কো-এড চালু হওয়ায় ছাত্রছাত্রীর পাশাপাশি উপকৃত হবেন অভিভাবকরাও। কারণ কোনো অভিভাবকের ছেলে ও মেয়ে থাকলে তারা একই স্কুলে পড়তে পারবে। এতে অভিভাবকদের ছেলে ও মেয়েকে স্কুলে আনা নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এই স্কুলের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। তিনি জানান, শতাব্দী প্রাচীন রানাঘাট লালগোপাল উচ্চ বিদ্যালয় প্রগতির কথা ভেবে সমস্ত স্তরে ছাত্রীদের জন্য দরজা খুলে দিল তা প্রশংসনীয়। অভিভাবকরাও স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের বক্তব্য একই স্কুলে ছেলে ও মেয়েকে ভর্তি করতে পারলে খুবই ভালো হবে। উঁচু ক্লাসে উঠলে ভাই ও বোন স্কুল ছুটির পর একসঙ্গে নিরাপদে বাড়ি ফিরতে পারবে।