Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা মন্ত্রী ও রামপুরহাটের প্রাক্তন বিধায়ক প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এসে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা মন্ত্রী ও রামপুরহাটের প্রাক্তন বিধায়ক প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এসে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাল, শনিবার রামপুরহাটে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী। সেই সফরকালেই মুখ্যমন্ত্রী প্রয়াত নেতার পরিজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানাবেন বলে প্রশাসনিক সূত্রের খবর। 

Advertisement

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে রয়েছে। গত মঙ্গলবার মহকুমাশাসক অশ্বিন বি রাঠোর রক্তকরবীতে প্রাথমিক বৈঠক করেন। এরপর বৃহস্পতিবার জেলাশাসক ধবল জৈন এবং জেলা পুলিশ সুপার বিদিতরাজ ভুন্দেশ প্রশাসনিক কর্তাদের নিয়ে চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার্থে দু’টি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। একটি তারাপীঠ লাগোয়া তারাপুরের মাঠে এবং অন্যটি রামপুরহাটে মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে। এদিন রক্তকরবী ও আশপাশের এলাকা ঘুরে দেখার পাশাপাশি দু’টি হে঩লিপ্যাড পরিদর্শন করেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। জানা গিয়েছে, রক্তাকরবীতে ৪০টনের তিনটি এসি রয়েছে। তার মধ্যে একটি এসি খারাপ। সেটা সারিয়ে তোলার কাজ চলছে। মেরামত না করা গেলে বিকল্প এসির ব্যবস্থা করার নির্দেশ দেন প্রশাসনিক কর্তারা। যদিও বৈঠক শেষে সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি জেলাশাসক।  
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী তারাপুরের হেলিপ্যাডে নামবেন। এরপর তারাপীঠ মন্দিরে পুজো দেবেন। পরবর্তীতে তারাপুরে সরস্বতী শিশু মন্দির পরিদর্শন করবেন। সেখানে জেলা নেতৃত্বের সঙ্গে ঘরোয়া আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শংকর বন্দ্যোপাধ্যায় বলেন, দেউচা ও লোবায় কয়লা শিল্প দ্রুত চালুর দাবি জানাব। 
প্রশাসনিক সূত্রের খবর, এরপর সড়কপথে রামপুরহাটে প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আসবেন মুখ্যমন্ত্রী। তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রয়াত আশিসবাবুর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রশাসন থেকে জানানো হয়েছে শনিবার মুখ্যমন্ত্রী বাড়িতে আসেন। মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারীর সঙ্গে জেঠুর ভাল সম্পর্ক ছিল। যদিও প্রয়াত আশিসবাবুর বাড়ি মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে দলের কাছে কোনো খবর নেই বলে জানিয়েছেন উদয়বাবু। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আশিসবাবুর বাড়ি থেকে প্রশাসনিক বৈঠকস্থলে আসবেন মুখ্যমন্ত্রী। রক্তকরবী পুরমঞ্চের পাশে থাকা স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী ও জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। জানা গিয়েছে, জেলা ও মহকুমা স্তরের প্রায় ১৫০জন প্রশাসনিক আধিকারিক, এলাকার বিধায়ক ও সাংসদরা বৈঠকে থাকবেন। বৈঠক শেষে মহকুমা ক্রীড়া সংস্থার মাঠের হেলিপ্যাড থেকে সরাসরি কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আশিসবাবুর আকস্মিক প্রয়াণের পর শোকপ্রকাশ করে ওইদিন সাংসদ অসিত মালের ফোনে তাঁর পরিজনদের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে শনিবার রক্তকরবীতে প্রয়াত আশিসবাবুর স্মরণসভা করার কথা ছিল ঋত তৃণমূলের। সেখানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের কারণে তা পিছিয়ে রবিবার হবে বলে জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ