নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার সরকারি কর্মসূচীতে উত্তর দিনাজপুর জেলা সফরে আসছেন। রায়গঞ্জে কর্ণজোড়া অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর কর্ণজোড়ায় তিস্তা প্রকল্পের পাশের ময়দানে জনসভা করবেন। জেলায় এসে তিনি কি বার্তা দেন তা শুনতে মুখিয়ে আছেন দলীয় কার্যকর্তা থেকে জেলার নেতা, জনপ্রতিনিধিরা। প্রশাসনিক ও দলীয় সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার জেলায় এসে তিনি প্রায় ১০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা, উদ্বোধন ও শিল্যান্যাস করতে পারেন। সেই সঙ্গে জেলার সার্বিক উন্নয়নেও বড়সড় ঘোষণার প্রবল সম্ভবনা রয়েছে। একাংশের অনুমান, এইমস নিয়েও কোনো ঘোষণা হতে পারে।
জেলাশাসক অভিজিৎ শেভালে বলেন, আয়ুষ্মান প্রকল্প, ভিবিজিরামজি, অন্নপূর্ণা ভান্ডার, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, সারথির মতো প্রকল্পের সুবিধা আনুষ্ঠানিক ভাবে কিছু উপভোক্তার হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দুপুরে প্রশাসনিক বৈঠক ও পরবর্তীতে জনসভা করবেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সফরকে কেন্দ্র করে পুলিশ, প্রশাসনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে দলীয় স্তরে চলছে ব্যাপক তোড়জোড়। বিজেপির মহিলা কর্মীরা শঙ্খ ধ্বনির মাধ্যমে সভাস্থলে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিজেপি জনসভায় লক্ষাধিক মানুষের সমাগমের টার্গেট নিয়েছে। জনসভার মাঠে তিনটি বিশালাকার হ্যাঙ্গার টাঙানো হয়েছে। মূল মঞ্চ স্থলে থাকছে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা।
নির্দিষ্ট সফর সূচি অনুযায়ী আজ রায়গঞ্জ কর্ণজোড়া অডিটোরিয়ামের পাশের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবে। তার আগে বুধবার দুপুরে ওই অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারের ট্রায়াল রান চলে। সেখানে সরকারি আধিকারিক, পুলিশ ও দমকল কর্মীরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে হেলিকপ্টার দেখার জন্য প্রচুর উৎসাহী মানুষ সেখানে ভিড় জমান। শেষ পর্যন্ত অবশ্য অনেককে সেখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে হেলিপ্যাড তৈরি হয়েছিল কর্ণজোড়া হাইস্কুলের মাঠে। পরে সেই স্থান পরিবর্তন হয়। গত কয়েকদিনের এদিনও বিজেপির জেলাস্তরের
বেশকয়েকজন নেতা জনসভার মাঠ তদারকি করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ। কার্তিকবাবু বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম জেলা সফর। মুখ্যমন্ত্রীকে দেখতে ও তাঁর কথা শোনার জন্য সকলেই মুখিয়ে আছেন। আমাদের আশা, মানুষের ভিড়ে সভাস্থল উপচে পড়বে। তার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বহু আগে থেকে এই জেলাকে চেনেন, জানেন। আমরা সকলেই মুখ্যমন্ত্রী কি বার্তা দেন তার জন্য অপেক্ষা করছি। ফাইল চিত্র



