Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মিলবে বকেয়া ডিএ, সুপ্রিম কোর্টে শুনানির আগেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের শুনানির আগে বকেয়া ডিএ মেটানোর আশ্বাস দিলেন। বিস্তারিত জানুন।

মিলবে বকেয়া ডিএ, সুপ্রিম কোর্টে শুনানির আগেই আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানি। তার আগে মঙ্গলবার বকেয়া ডিএ মেটানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিএ নিয়ে কেন্দ্র ও রাজ্যের ফারাকও পর্যায়ক্রমে দূর করার কথা বলেছেন তিনি। পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএ মেটানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সপ্তম কমিশনের ‘টার্মস অ্যান্ড রেফারেন্সও’ রেডি। চলতি অর্থবর্ষের শেষদিকেই কমিশনের সুপারিশ কার্যকর করার চেষ্টা থাকবে। ষষ্ঠ কমিশনের সুপারিশ কার্যকরেও তাঁর অবদান ছিল। দাবি করেছেন শুভেন্দু।

Advertisement

পঞ্চম কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া মেটাতে সুপ্রিম কোর্ট রায় দেয় গত ৫ ফেব্রুয়ারি। এই ব্যাপারে একটি কমিটিও গঠিত হয়। কিন্তু আদালতের নির্দেশ মতো বকেয়া মেটানো হচ্ছে না বলে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ভোটের আগেই আদালত অবমাননার মামলা করে। তার প্রেক্ষিতে একটি মডিফিকেশন আবেদন করে রাজ্য। মে মাসে নির্ধারিত শুনানি অবশ্য হয়নি। তাই রাজ্যে পালাবদলের পর ডিএ মামলার প্রথম শুনানি খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের আর্থিক অনুদানে চলা ‘গ্রান্ট ইন’ প্রতিষ্ঠানগুলির পেনশনভোগীরা এখনো বকেয়া ডিএর কোনো অংশই  পাননি। পাশাপাশি, আরও একাধিক বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এদিন জানান, সুপ্রিম কোর্ট ও কমিটির নির্দেশ মতোই পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ দেওয়া হবে। পূর্বতন সরকার এই কাজ শুরু করেছিল। তাঁরা এটি আরও এগিয়ে নিয়ে গিয়েছেন। মেটানো হবে অবসরপ্রাপ্ত কর্মীদেরও বকেয়া। আপাতত বকেয়া ৪২ শতাংশ ডিএ-র ২০ শতাংশ মিলবে অক্টোবরে। বাকিটা প্রদানের সময়সীমা এদিন জানাননি মুখ্যমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ