নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলে চরম ডামাডোল। মাস্টার রাইটস সই নিয়ে এফএসডিএল বনাম ফেডারেশনের দূরত্ব প্রবল। এমনকী, দেশের এক নম্বর টুর্নামেন্ট আইএসএলও অনিশ্চিত। চুক্তি সই না হলে টাকা ইনভেস্ট করতে নারাজ এফএসডিএল। অন্যদিকে, ফেডারেশন নির্বিকার। ফুটবল মহল তাকিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দিকে। এমন কঠিন সময়ে এবার জোট বাঁধতে চলেছেন আইএসএলের বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে বৈঠক চেয়ে দীর্ঘ চিঠিও দিচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই এফসি গোয়া, কেরল ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, বেঙ্গালুরু এফসি, হায়দরাবাদ এফসি, পাঞ্জাব এফসি, ওড়িশা ও জামশেদপুর এফসির কর্তারা চিঠিতে সই করেছেন। চেন্নাইয়ান ও ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সিদ্ধান্ত জানাবার আগে সময় চেয়েছে। এছাড়া পরিস্থিতির উপর নজর রাখছে মোহন বাগান ও মুম্বই সিটি। তারা আদৌ এই জোটে থাকবে কিনা তা স্পষ্ট নয়।



