নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রাজ্যে প্রবেশ করছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। সেই কারণেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরে বৃষ্টি বাড়ছে। গত সোমবার থেকেই রাজ্যে বৃষ্টি বেড়েছে। আগামী কাল, বৃহস্পতিবার থেকে আরও বৃষ্টি বৃদ্ধির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গের জন্য। আজ, বুধবার সকাল থেকেই হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে শহরেও। আকাশ রয়েছে মেঘলা। এদিন দু-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরের জন্য। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।



