পুনে: পুনের জমি কেলেঙ্কারি মামলাতে স্বস্তি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ছেলে পার্থর। অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত সরকারি কমিটি তাকে ক্লিনচিট দিয়েছে। রিপোর্টে পার্থর সংস্থা আমাডিয়ার নাম রয়েছে। কিন্তু সরাসরি তাঁর নাম নেই। দুর্নীতির অভিযোগ আনা হয়েছে কোম্পানির ডিরেক্টর দিগ্বিজয় পাটিল, সাব-রেজিস্ট্রার রবিন্দ্র তারু এবং শীতল তেজওয়ানির বিরুদ্ধে। তবে এফআইআর বা রিপোর্ট কোথাও পার্থ পাওয়ারের নাম নেই। যাবতীয় বিতর্কের মূলে, পুনের মুণ্ডহওয়া এলাকার ৪৩ একর সরকারি জমি। যার বাজারমূল্য ১,৮০০ কোটি টাকা। তবে তা বিক্রি করা হয় ৩০০ কোটি টাকায়। অভিযোগ, এই অবৈধ ক্রয়ের নেপথ্যে রয়েছে পার্থ পাওয়ারের কোম্পানি আমাডিয়া। স্বাভাবিকভাবেই এই কেলেঙ্কারিতে অজিত-পুত্রের নাম জড়ায়। তবে তদন্তকারীদের রিপোর্টে সরাসরি তাঁর নামে কোনও অভিযোগ করা হয়নি।



