Bartaman Logo
৯ জুন, ২০২৬

ক্লাস টেনের ছাত্রকে ছুরি মেরে হত্যা, গ্রেপ্তার অষ্টমের পড়ুয়া, গুজরাতের স্কুল

সামান্য বচসা। তারই জেরে উঁচু ক্লাসের পড়ুয়াকে পেটে ছুরি মেরে খুন করল এক ছাত্র। অভিযুক্ত অষ্টম শ্রেণির ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিস।

ক্লাস টেনের ছাত্রকে ছুরি মেরে  হত্যা, গ্রেপ্তার অষ্টমের পড়ুয়া, গুজরাতের স্কুল
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: সামান্য বচসা। তারই জেরে উঁচু ক্লাসের পড়ুয়াকে পেটে ছুরি মেরে খুন করল এক ছাত্র। অভিযুক্ত অষ্টম শ্রেণির ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিস। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আমেদাবাদের খোকরার সেভেন্থ-ডে অ্যাডভেনটিস্ট হায়ার সেকেন্ডারি স্কুলে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির পর দশম শ্রেণির পড়ুয়া নয়ন ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার তোড়জোড় করছিল। স্কুলের গেট থেকে বের হওয়ার সময় তার পথ আটকায় অষ্টম শ্রেণির এক পড়ুয়া। তাদের মধ্যে বচসা শুরু হয়। এর মধ্যেই পকেট থেকে ছুরি বের করে নয়নের পেটে ঢুকিয়ে দেয় ওই ছাত্র। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, পেটের ক্ষত চেপে ধরে এক পড়ুয়ার কাঁধে হাত দিয়ে হাঁটছে নয়ন। নয়নকে মণিনগর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, ঘটনার পরেই পালিয়ে গিয়ে স্কুলের পিছনে আত্মগোপন করে অভিযুক্ত অষ্টম শ্রেণির পড়ুয়া। তাকে লুকিয়ে থাকতে দেখে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিসকে খবর দেন নিরাপত্তারক্ষী। খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে ওই নাবালককে গ্রেপ্তার করে পুলিস। গোটা ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এবিভিপির সমর্থকরাও সেই বিক্ষোভে শামিল হয়। স্কুলের কর্মীদের মারধর ও স্কুলে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে অভিভাবকদের বিরুদ্ধে। দুঃখপ্রকাশ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী প্রফুল্লভাই পানসরিয়া। এজন্য সোশ্যাল মিডিয়াকে দায়ী করেছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ