Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্নপূর্ণার বিসর্জনে রণক্ষেত্র মাড়গ্রাম, দু’পক্ষের ইটবৃষ্টি, জখম সিভিক সহ অনেকে

অন্নপূর্ণা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে অশান্তি। তার জেরে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়াল মাড়গ্রামের খাঁপুর গ্রামে।

অন্নপূর্ণার বিসর্জনে রণক্ষেত্র মাড়গ্রাম, দু’পক্ষের ইটবৃষ্টি, জখম সিভিক সহ অনেকে
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: অন্নপূর্ণা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে অশান্তি। তার জেরে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়াল মাড়গ্রামের খাঁপুর গ্রামে। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দু’ পক্ষের হাতাহাতি থেকে ইটবৃষ্টি শুরু হয়ে যায়। ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার সহ বেশ কয়েকজনের মাথা ফেটে যায়। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনায় দু’ পক্ষের আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তেজনা থাকায় গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘনঘন টহল দিচ্ছে পুলিশের গাড়ি। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের কোনাই পাড়ার সঙ্গে মালপাড়ার বিবাদ দীর্ঘদিনের। গত সোমবার কোনাই পাড়ার অন্নপূর্ণা প্রতিমার শোভাযাত্রা বেরিয়েছিল। মালপাড়ার কিছুজন সেই শোভাযাত্রা দেখতে ও নাচানাচি করতে কোনাই পাড়ায় যায়। সেই সময়ে মালপাড়ার কয়েকজন মদ্যপ যুবকের সঙ্গে কোনাইপাড়ার কয়েকজনের অশান্তি ও মারাপিট হয়। বুধবার রাতে মালপাড়ার অন্নপূর্ণা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বেরিয়েছিল। অশান্তি হতে পারে এমন আশঙ্কা করে শোভাযাত্রায় পুলিশ ও সিভিক ভলান্টিয়ার ছিল। বড় বড় বক্স বাজিয়ে নাচতে নাচতে শোভাযাত্রা কোনাই পাড়ায় আসতেই বাধা দেন এই এলাকার মানুষ। কোনাই পাড়ার বাসিন্দারা বলতে থাকেন, ওইদিন তোমরা আমাদের পাড়ার ছেলেকে মারধর করেছো। তোমারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করো, কিন্তু নিরঞ্জনের শোভাযাত্রা নিয়ে যেতে দেব না। এই নিয়ে পুলিশের সামনেই দু’ পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। স্ট্রিট লাইট নিভিয়ে দু’ পক্ষই ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইটের আঘাতে জখম হন নাজিম শেখ নামে এক সিভিক ভলান্টিয়ার সহ গ্রামের কয়েকজন। তাদের মাথা ফেটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয়ে পুলিশ। ভয়ে দু’ পক্ষই নিজ নিজ পাড়ায় ঢুকে পড়ে। প্রতিমা পড়ে থাকে রাস্তায়। রাতেই বিভিন্ন থানা থেকে ফোর্স নিয়ে আসা হয়। পরে গভীর রাতে পুলিশই প্রতিমা নিরঞ্জন করে বলে জানান গ্রামের বাসিন্দা কবিতা মণ্ডল, কাকলি মণ্ডল। আহতদের মধ্যে অরূপ মণ্ডল নামে একজনের মাথায় আটটি সেলাই পড়েছে। তাঁদের আশঙ্কা, পুলিশ সরলেই গ্রামে ফের অশান্তি বাধবে। বোমাবাজি হতে পারে। 
এদিকে রাতেই পুলিশ দু’ পক্ষের বেশ কয়েকজনকে আটক করে। তার মধ্যে কয়েকজন নাবালককে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুই পাড়ার আটজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের রামপুরহাট আদালাতে তোলা  হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, ধৃতদের ১৫ ডিসেম্বর পর্যন্ত জেল হেপাজত মঞ্জুর করেছেন বিচারক। 
বৃহস্পতিবার সকালে গ্রামে গিয়ে দেখা যায়, কোনাইপাড়ার ঢালাই রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইটের টুকরো। কোনাই ও মালপাড়ায় বসেছে পুলিশ পিকেট। পুরুষশূন্য হয়ে পড়েছে গোটা গ্রাম। মহিলা ও শিশুরা কেবল বাড়িতে রয়েছে। পুরুষ সদস্যরা কোথায় জিজ্ঞাসা করতে তাঁরা বলেন, রাতে পুলিশ যাকে পেয়েছে তাকেই লাঠিপেটা করে ধরে নিয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

Advertisement
সম্পর্কিত সংবাদ