Bartaman Logo
৯ জুন, ২০২৬

দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত জেএনইউ

ছাত্র আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাস। রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ এই ইস্যুতে জেএনইউয়ের পড়ুয়াদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত জেএনইউ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছাত্র আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাস। রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ এই ইস্যুতে জেএনইউয়ের পড়ুয়াদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এলোপাথাড়ি লাঠি চালানো হয়েছে। এমনকি মুহুর্মুহু পাথর বৃষ্টিও হয়েছে। গোটা ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালেও ভরতি করাতে হয়েছে। এমনকি রাতেই ক্যাম্পাসে ঢুকতে হয়েছে পুলিস বাহিনীকেও। এঘটনায় সংঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) দিকে অভিযোগের আঙুল তুলেছে বিশ্ববিদ্যালয়ের বাম পরিচালিত ছাত্র সংসদ। অন্যদিকে বাম সংগঠনগুলিকে কাঠগড়ায় তুলেছে বিদ্যার্থী পরিষদও। দু’পক্ষই সোমবার একে অন্যের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

Advertisement

সোমবার দিনভর রীতিমতো থমথমে পরিবেশ রয়েছে জেএনইউয়ে। চাপা টেনশনও ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার নিন্দা করে এবং যথাযথ পদক্ষেপের কথা জানিয়ে বিবৃতি জারি করেছে জেএনইউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেএনইউয়ের উপাচার্য শান্তিশ্রী ধুলিপুরি পণ্ডিতের পদত্যাগের দাবিতে রবিবার রাতে ক্যাম্পাসে ‘সমতা জুলুসে’র (অর্থাৎ, ইকুইটি মার্চ) ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের বাম পরিচালিত ছাত্র সংগঠন। অভিযোগ, ওই কর্মসূচি চলাকালীনই আন্দোলনরত পড়ুয়াদের লাঠি, পাথর নিয়ে হামলা চালায় এবিভিপির আশ্রিত দুষ্কৃতীরা। মারা হয় চড়-থাপ্পড়ও। মারের চোটে কয়েকজন পড়ুয়ার মাথা ফেটে যায়। সোমবার জেএনইউ ছাত্র সংসদের পক্ষে অদিতি ‘বর্তমান’কে জানিয়েছেন যে, রবিবার রাত থেকে এদিন সকাল প্রায় ৭টা পর্যন্ত তাঁদের লাইব্রেরিতে ‘হস্টেজ’ করে রেখেছিল এবিভিপির আশ্রিত দুষ্কৃতীরা। সেখান থেকে কোনোমতে বেরিয়েই তাঁরা স্থানীয় থানায় বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন লিখিতভাবে। এব্যাপারে এবিভিপির দিল্লি প্রদেশ কমিটির যুগ্ম-সম্পাদক বিকাশ প্যাটেল বলেন, জবরদস্তি পড়ুয়াদের কর্মসূচিতে শামিল করাতে চাইছিল জেএনইউয়ের ছাত্র সংসদ। ছাত্রছাত্রীদের বের করে এনে ক্লাসরুম এবং লাইব্রেরিতে তালা লাগিয়ে দেওয়া হয় যাতে, পড়ুয়ারা বামেদের আন্দোলনে অংশ নিতে বাধ্য হয়। বিদ্যার্থী পরিষদ এমন জবরদস্তির প্রতিবাদ করাতেই আচমকা বাম পরিচালিত ছাত্র সংগঠনগুলি হামলা চালায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ