হাওড়ার বাঁকড়ার করাতকল এলাকায় রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় অন্তত তিনজন জখম হন। বর্তমানে তাঁরা ভর্তি রয়েছেন হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। অকুস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুরনো বিবাদের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে। একুশে জুলাইয়ের সমাবেশ শেষ হওয়ার পর রাতেই এই ঘটনাটি ঘটে। এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কী না সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে সূত্রের খবর।



