নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ‘চিকেনস নেক’ শিলিগুড়িতে গুরুত্ব বাড়বে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের (সিডিভি)। তাঁদের আধুনিক ট্রেনিং দিয়ে ময়দানে নামান হবে। স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা এবং যে কোনো আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় এমন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, বর্ষার মরশুমে দার্জিলিং জেলার পাহাড় ও সমতলে মোতায়েন করা হয়েছে ২৫০ জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার। এনডিআরএফ ও এসডিআরএফের সহযোগিতায় জেলায় নতুন করে আরও ট্রেনিং দেওয়া হবে বলে খবর।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় কৌশলগত এলাকাগুলির মধ্যে ‘চিকেনস নেক’ শিলিগুড়ি অন্যতম। তিন দিনের সফরে এই করিডরের সুরক্ষা ব্যবস্থা নিয়েই বেশ পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন-এই করিডরে সিভিল ডিফেন্স ও হোমগার্ড ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে রাজ্য সরকার। এরফলে স্থানীয় স্তরে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি বাড়বে। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই পোস্ট ঘিরে দার্জিলিং জেলা পুলিশ ও প্রশাসনের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।
প্রশাসন সূত্রের খবর, বর্তমানে জেলায় প্রচুর যুবক-যুবতীকে সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যার মধ্যে হাজার জনের নামের তালিকা ও ফোন নম্বর রয়েছে। বর্ষার মরশুমে প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো বিপর্যয় পরবর্তী পরিস্থিতির মোকাবিলায় পাহাড়-সমতলে মোতায়েন করা হয়েছে ২৫০ জনকে। এরবাইরে স্পিডবোট ও লাইফ জ্যাকেট সহ ওয়াটার উইং বাহিনী রয়েছে। জেলায় সিভিল ডিফেন্সের একটি সুসজ্জিত ভ্যান রয়েছে। তাতে হ্যান্ড করাত, কাটারি, দড়ি, গামবুট, টর্চ প্রভৃতি সরঞ্জাম রয়েছে।
প্রশাসনের এক আধিকারিক জানান, এনডিআরএফ এবং এসডিআরএফের সহযোগিতায় আরও কিছু যুবক-যুবতীকে প্রাথমিক চিকিৎসা, ফায়ার ফাইটিং, বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্ত বহুতল থেকে বাসিন্দাদের উদ্ধারের কৌশল শেখানো হবে। এলাকায় নজরদারি রাখার ক্ষেত্রেও তাঁদের সহযোগিতা নেওয়া হবে। এতে এখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে। এছাড়া, আধুনিক সরঞ্জামে সজ্জিত আরও একটি ভ্যান জেলায় আনা হতে পারে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় আরও উল্লেখ করেছেন, বৈঠকে এখানকার জনবিন্যাসের পরিবর্তন, অবৈধ অনুপ্রবেশ, এই এলাকাকে দখলমুক্ত রাখা এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থাকে অভেদ্য করার বিষয়ে আলোচনা করা হয়েছে।