


সংবাদদাতা, বর্ধমান ও কাটোয়া: যুবতীকে ধর্ষণের অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিশ। ধৃতের বাড়ি আউশগ্রাম থানা এলাকায়। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে ১৬ এপ্রিল ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম থানা এলাকায় বছর চব্বিশের ওই যুবতীর বাড়ি। বৃহস্পতিবার রাতে বাড়িতে তিনি একা ছিলেন। রাত ১০টা নাগাদ অভিযুক্ত যুবতীর বাড়িতে গিয়ে তাঁকে ডাকে। তিনি বের হতেই মুখ টিপে ধরে তাঁকে ঘরের ভিতরে টেনে নিয়ে যায় অভিযুক্ত। এরপর সে যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। যুবতী প্রাণপণ বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, অভিযুক্তের শারীরিক ক্ষমতার কাছে তিনি হেরে যান। ধর্ষণের পর যুবতীকে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয় অভিযুক্ত। সে পালানোর সময় তাকে যুবতীর এক আত্মীয় দেখে ফেলেন। যুবতী নিজেই থানায় অভিযোগ দায়ের করেন। যুবতীকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও যুবতী মেডিকেল পরীক্ষায় রাজি হননি বলে জানা গিয়েছে।