কোলোরাডো হামলার পর সতর্ক আমেরিকা। ১২টি দেশের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশের উপর জারি হল নিষেধাজ্ঞা। গতকাল, বুধবার(স্থানীয় সময়) এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে বলা হয়েছে, এবার থেকে আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো, গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশ করতে দেওয়া হবে না। আগামী ৯ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই সঙ্গে বেশ কিছু দেশের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশের ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ চালু করা হয়েছে। সেই দেশগুলি হল- বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওনে, টোগো, তুর্কেমেনিস্তান ও ভেনেজুয়েলা।


