Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক সার্কাস ময়দানে সার্কাস হলে ছড়াবে দূষণ! মামলা দায়ের হাইকোর্টে

এক দশকেরও বেশি সময় পর পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। বিষয়টি নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে।

পার্ক সার্কাস ময়দানে সার্কাস হলে ছড়াবে দূষণ! মামলা দায়ের হাইকোর্টে
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক দশকেরও বেশি সময় পর পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। বিষয়টি নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। মামলাকারীর দাবি, সার্কাসের আয়োজন হলে দূষণ ছড়াবে। শুক্রবার সেই মামলার শুনানি হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে মামলাকারীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ। 

Advertisement

গত ১ ডিসেম্বর পার্ক সার্কাস ময়দানের একদিকে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। শেষবার পার্ক সার্কাসে সার্কাস আয়োজন হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বর মাসে। তারপর মা এবং এজেসি বোস উড়ালপুলের সংযোগের কাজে জেরে অনুমতি দেওয়া বন্ধ হয়ে যায়। মামলাকারীর যুক্তি, এর আগে কলকাতা বইমেলা ময়দান থেকে দূষণের কারণে সরিয়ে নিয়ে গিয়ে পার্ক সার্কাস ময়দানে করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু সেখানেও দূষণের যুক্তিতে মামলা হয় হাইকোর্টে। ২০০৮ সালে এই মামলার রায়ে হাইকোর্ট দূষণের যুক্তিতে মান্যতা দেওয়ায় বইমেলা সরে যায়। আদালতের পর্যবেক্ষণ ছিল, দূষণ পর্ষদের বিধি না মেনেই পুরসভা অনুমতি দিয়েছে। এবার সেই মাঠেই কেন সার্কাস?
পুরসভার তরফে শুনানিতে জানানো হয়েছে, পার্ক সার্কাস ময়দানে সার্কাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে, তবে  দূষণবিধি মেনে সেই অনুমতি দেওয়া হয়েছে কি না সেই তথ্য নেই পুরসভার কাছে। পুরসভার বক্তব্য শোনার পর মামলাকারীকে হলফনামা জমা দিতে বলেছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারীকে তাঁর সমস্ত দাবির প্রেক্ষিতে আগামী বুধবারের মধ্যে হলফনামা জমা দিতে হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ