উম-পুন দুর্নীতির তদন্তের ভার সিআইডির হাতে
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যাগ রিপোর্টে উম-পুনে ত্রাণ ও পুনর্বাসন খাতে প্রায় ৩২ হাজার কোটি টাকা দুর্নীতির উল্লেখ রয়েছে। তৃণমূল আমলে হওয়া এই দুর্নীতির তদন্তভার সিআইডিকে দিল রাজ্য সরকার। সোমবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছে। অভিযোগ, ত্রাণ বিলির ক্ষেত্রে ব্যাপক হারে স্বজনপোষণ হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত অর্থ বরাদ্দের মতো গুরুতর অভিযোগ রয়েছে। পালাবদলের পরই  একের পর এক বিষয় সামনে আসে।  ডায়মন্ডহারবার ও ফলতাসহ বিভিন্ন এলাকায় উম-পুনের ত্রাণ ও ক্ষতিপূরণের টাকা নয়ছয় করার দাবি তুলে রীতিমতো অভিযোগ করা হয় স্থানীয় থানায়। অভিযোগগুলিতে বলা হয়, একাধিক বেনিয়ম হয়েছে। এমনকী একই অ্যাকাউন্টে একাধিকবার টাকা ঢুকেছে। জানা গিয়েছে, অনেক সন্দেহজনক উপভোক্তা রয়েছে। এক্ষেত্রে আংশিক ক্ষতিগ্রস্থ বাড়ি দেখিয়ে একাধিকবার টাকা তোলা হয়েছে। অভিযোগপত্রে পূর্বতন শাসক দলের একাধিক প্রভাবশালীর নাম ছিল। এবার সেই অভিযোগের তদন্তভার সিআইডিকে দেওয়া হল। কীভাবে এই দুর্নীতি হল, সন্দেহজনক উপভোক্তা কারা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

Advertisement