নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি চিটফান্ড কাণ্ডের তদন্তে ফের রাজ্যে সক্রিয় ইডি। আজ, মঙ্গলবার সকাল থেকেই শহরের নানা প্রান্তে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, এদিন সকাল থেকেই ইডি আধিকারিকদের চারটি দল শহরের নানা প্রান্তে পৌঁছে তল্লাশি শুরু করেছে। যার মধ্যে রয়েছে জোকা ও নিউ আলিপুরের একটি ফ্ল্যাটও। এক অর্থলগ্নি সংস্থার মালিকের ফ্ল্যাট রয়েছে নিউ আলিপুরে। সূত্রের খবর, সেখানে গিয়েই তল্লাশি চালাচ্ছে ইডি। চিটফান্ড মামলায় ওই অর্থলগ্নি সংস্থার মালিক এবং তাঁর ছেলেকে ২০১৭ সালের ১৫ মার্চ গ্রেপ্তার করেছিল সিবিআই। ফের তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই কারণেই আসরে নেমেছে ইডি, মনে করছেন বিশেষজ্ঞরা। এই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপ ও আমানতকারীদের টাকা হাতিয়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগও রয়েছে।



