Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চারতলার প্ল্যানে পাঁচতলা আবাসন, বরানগরে অবৈধ নির্মাণের রমরমা

চারতলার প্ল্যানে পাঁচতলা আবাসন, বরানগরে অবৈধ নির্মাণের রমরমা
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: চারতলার বিল্ডিং প্ল্যান। অথচ উঠে গিয়েছে পাঁচতলা আবাসন। স্থানীয়দের অভিযোগ পেয়ে পুরসভা কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও কোনও ভ্রুক্ষেপ নেই। কাজ সম্পূর্ণ করে রিভাইজড প্ল্যান অনুমোদনের জন্য পুরসভায় আবেদন করা হচ্ছে। শহরের নির্দিষ্ট কোনও একটি আবাসনের বিষয় নয়, বরানগরজুড়ে এমন অবৈধ আবাসনের রমরমায় অতিষ্ঠ শহরবাসী।  যদিও পুরসভার তরফে জানানো হয়েছে, কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না।
Advertisement
বরানগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের এন কে চ্যাটার্জি লেনের বাসিন্দারা গত ২৩ এপ্রিল একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন পুরসভায়। তাতে বলা হয়েছিল, বেআইনিভাবে পাঁচতলা বাড়ি তৈরি হচ্ছে। বাড়ির চারপাশে নিয়ম মেনে ছাড় দেওয়া হয়নি। অবিলম্বে পুরসভা পদক্ষেপ করুক। অভিযোগ, তারপরও কোনও তরফে হেলদোল নজরে আসেনি। পাঁচতলা আবাসনের কাজ সম্পূর্ণ গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, চারতলার প্ল্যান অনুমোদন করিয়ে পাঁচতলা তোলা হয়েছে। সম্প্রতি সেই বাড়ির রিভাইজড প্ল্যান পুরসভায় জমা পড়েছে। তা নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনাও হয়। স্থানীয় কাউন্সিলার সঞ্চিতা দে এর প্রতিবাদ করেন। পুরসভার আরও দুই বর্ষীয়ান কাউন্সিলারও তাঁদের ওয়ার্ডের একই ধরনের দু’টি বহুতলের রিভাইজড প্ল্যান পাশ না করানোর দাবি জানান। শেষ পর্যন্ত রিভাইজড প্ল্যান ও মিউটেশন দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়নি। একইভাবে ৩ নম্বর ওয়ার্ডের দিলীপ গাঙ্গুলি সরণি এলাকায় আটফুট রাস্তার পাশে একটি পাঁচতলা বাড়ি তৈরি হচ্ছে। অভিযোগ, এক্ষেত্রেও চারতলার প্ল্যান নিয়ে পাঁচতলার কাজ চলছে। স্থানীয়রা নানা স্তরে অভিযোগ করলেও লাভ হয়নি। 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে শহরে এমন শতাধিক আবাসন তৈরি হয়েছে। সেগুলির রিভাইজড প্ল্যানও পুরসভায় জমা পড়েছে। কিন্তু বর্তমান বোর্ড তা এখনও পাশ করেনি। স্থানীয়দের প্রশ্ন, কাদের ভরসায় এভাবে প্ল্যান বর্হিভূত আবাসন তৈরি হচ্ছে? প্রভাবশালীদের আস্কারা ও ইন্ধন ছাড়া কি আদৌ এই ধরনের অবৈধ নির্মাণ সম্ভব? নাম প্রকাশে অনিচ্ছুক পুরসভার এক আধিকারিক বলেন, ‘পুরসভায় এসে নীতিকথা শোনানো অনেকেই এলাকায় এ ধরনের আবাসন তৈরিতে মদত দিচ্ছে। সবার ধারণা, আবাসন একবার তৈরি হয়ে গেলে আর ভাঙা পড়বে না। তাই নিয়ম ভাঙার প্রতিযোগিতা চলছে।’ ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঞ্চিতা দে বলেন, ‘ওই আবাসন ও রাস্তা দখল করে ঢিপির জন্য সাধারণ মানুষ তীব্র বিপাকে পড়ছে। পুরসভায় বহুবার অভিযোগ জানিয়েছি।’ পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিক বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ১২ নম্বর ওয়ার্ডের ওই আবাসনের কাজ বন্ধ করতে স্টপ অর্ডার দেওয়া হয়েছিল। কোথাও কোনও অন্যায় বা অনিয়ম হলে বরদাস্ত করা হবে না। আইনানুগ পদক্ষেপ করা হবে।’ 
সম্পর্কিত সংবাদ