Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চুরির ধান, পিকআপ ভ্যান সহ গ্রেপ্তার দুই

চুরির ধান, পিকআপ ভ্যান সহ গ্রেপ্তার দুই
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তারকেশ্বর: হরিপাল থানার অন্তর্গত চিত্রশালী গ্রামের এক কৃষকের চুরি যাওয়া ধান, পিকআপ ভ্যান সহ দুইজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম শেখ মুজাহিদ ও অরুণ ভূমিজ। এদের বাড়ি যথাক্রমে হরিপাল ও ধনেখালি থানার বেলমুড়ি কদমতলা এলাকায়।
Advertisement
এই নিয়ে হরিপাল থানায় সাংবাদিক সম্মেলনে হুগলি জেলা পুলিসের ডিএসপি হেড কোয়ার্টার্স অগ্নিশ্বর চৌধুরী জানান, ২৫ নভেম্বর হরিপাল থানার অন্তর্গত চিত্রশালী গ্রামের বাসিন্দা কাদের হোসেনের ২০ বস্তা ধান চুরি যায়। তিনি হরিপাল থানায় একটি লিখিত অভিযোগ করেন। তাতে তিনি জানান, ২০ বস্তা ধান চিত্রশালী গ্রামের আমরা ক’জন সঙ্ঘ ক্লাবের কাছে রাখা ছিল। সেই ধান চুরি হয়ে গিয়েছে। পাশের একটি  সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, কিছু দুষ্কৃতী ধানের বস্তাগুলি একটি পিক আপ ভ্যানে নিয়ে যাচ্ছে। তদন্তে নেমে হরিপাল থানার পুলিস দু’জন সন্দেহভাজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করে নেয়। একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয় ধনেখালি থানার অন্তর্গত বেলমুড়ি কদমতলা গ্রামের একটি বাঁশবাগানে। এছাড়া ২০ বস্তা ধানের মধ্যে ১০ বস্তা ধান উদ্ধার হয় দাদপুর থানার অন্তর্গত মাহেশ্বরপুর মোড়ের একটি গোডাউন থেকে। 
দুষ্কৃতীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত। বিভিন্ন জায়গা থেকে ধান চুরি করে দাদপুরের গোডাউনে তারা জমিয়ে রাখতো। চুরি যাওয়া ধানের আরও ১০ বস্তা কোথায় চালান করা হয়েছে, ধৃতদের পুলিস হেফাজতে নিয়ে তার তদন্ত করছে পুলিস। বৃহস্পতিবার ধৃতদের চন্দননগর আদালতে পাঠায় হরিপাল থানার পুলিস। আদালত তাদের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে।
সম্পর্কিত সংবাদ